রাজনৈতি বিশ্লেষণ
স্পেনে ১৪ বছর পর নির্বাচনের আগে সাধারণ ধর্মঘট, শ্রমিক আন্দোলন নাকি রাজনৈতিক কৌশল?
স্পেনে ১৪ বছর পর আবারও দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। গত ১১ নভেম্বর মজুরি বৃদ্ধি, আবাসনসংকটের সমাধান, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি পালিত হয়। তবে এবারের ধর্মঘটের সময়টি বেশ তাৎপর্যপূর্ণ। ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনের মাত্র ১৮ দিন আগে এই কর্মসূচি হওয়ায় আন্দোলনের দাবি ছাপিয়ে সামনে এসেছে রাজনৈতিক বিতর্ক। আর তাই প্রশ্ন উঠছে, এটি কি দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে শ্রমিক ও ভাড়াটিয়াদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি নির্বাচনের আগে রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল?
আরো বড় প্রশ্ন হলো, ১৪ বছর পর হঠাৎ কেন সাধারণ ধর্মঘট? আবাসন সঙ্কট থেকে শুরু করে আন্দোলনের বিষয়গুলো তো আরো বহু আগে থেকেই প্রকট আকারে দেখা দিয়েছিলো। কিন্তু সে জন্য চোখে পড়ার মতো কোন আন্দোলন হতে দেখা যায় নি। স্পেনে সর্বশেষ বড় আকারের দেশব্যাপী সাধারণ ধর্মঘট হয়েছিল ২০১২ সালে। সে বছর মার্চ ও নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের শ্রম সংস্কার ও কৃচ্ছ্রসাধন নীতির প্রতিবাদে ধর্মঘট ডেকেছিল শ্রমিক সংগঠনগুলো। এরপর বিভিন্ন সময়ে আঞ্চলিক ও খাতভিত্তিক আন্দোলন হলেও দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট দেখা যায়নি।
এবারের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ। বিশেষ করে আবাসনসংকট আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে। মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসনসংক্রান্ত বিরোধের জেরে উচ্ছেদের শিকার হওয়ার ঘটনাটি ভাড়াটিয়াদের আন্দোলনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখান থেকে আবাসনের অধিকার নিয়ে শুরু হওয়া প্রতিবাদ ধীরে ধীরে বৃহত্তর সামাজিক আন্দোলনের রূপ নেয়।
পরবর্তী সময়ে বিভিন্ন শ্রমিক সংগঠনও এতে যুক্ত হয়। অর্থাৎ আন্দোলনের শুরু কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কর্মসূচি হিসেবে হয়নি। তবে পরে রাজনৈতিক বিতর্ক এর সঙ্গে যুক্ত হয়েছে।
আন্দোলন ঘীরে শ্রমিকদের দাবিগুলো কী ছিলো? আন্দোলনকারীদের দাবি শুধু বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সেই বাস্তবতা থেকেই ন্যূনতম মজুরি বৃদ্ধি, বেতন সমন্বয়, সাশ্রয়ী আবাসন, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং উচ্ছেদ ঠেকাতে কার্যকর আইনি ব্যবস্থার দাবি উঠেছে।
শ্রমিক সংগঠনগুলো কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্থায়ী চাকরি, কাজের সময় কমানো, যৌথ চুক্তির মাধ্যমে বেতন নির্ধারণ এবং সামাজিক সুরক্ষা জোরদারের কথাও বলছে।
স্পেনের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস ২০২৭ সালে ন্যূনতম মজুরি অন্তত ৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাঁর অভিযোগ, যৌথ শ্রমচুক্তি নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে আটকে আছে। সংগঠনটির মতে, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের আয় বাড়ানো এখন জরুরি।
নির্বাচনের ১৮ দিনে আগে ধর্মঘটের ডাক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
এখানেই এবারের ধর্মঘট নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনের মাত্র ১৮ দিন আগে এমন কর্মসূচি সরকার ও বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থানকে সরাসরি প্রভাবিত করতে পারে।
বিরোধী দল পিপি এবং ব্যবসায়ী সংগঠন সিইওই ধর্মঘটের সময় নিয়ে আপত্তি তুলেছে। সিইওই এটিকে নির্বাচনী উদ্দেশ্যপ্রণোদিত ধর্মঘট হিসেবে আখ্যা দিয়েছে এবং এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, নির্বাচনের আগে এমন কর্মসূচি রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পারে।
অন্যদিকে ইউনিয়নগুলোর বক্তব্য, শ্রমিক ও ভাড়াটিয়াদের সমস্যা নতুন নয়। নির্বাচনের কারণে এসব দাবি পিছিয়ে রাখার কোনো কারণ নেই। তবে একটি বিষয় এখানে বিবেচনায় রাখা দরকার। আবাসন আন্দোলনের সূত্রপাত আগেই হলেও আগাম নির্বাচনের ঘোষণা আসার পর ইউজিটি ও সিসিওওর ধর্মঘটে যোগ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। ফলে বিরোধীদের প্রশ্ন একেবারে উড়িয়ে দেওয়াও সহজ নয়।
ইউজিটি ও পিএসওইর সম্পর্ক কি এই বিতর্কের কারণ?
স্পেনের রাজনীতিতে ইউজিটি ও সমাজতান্ত্রিক দল পিএসওইর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে ইউনিয়নটির রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছে। বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের সরকারের সঙ্গেও ইউজিটির সম্পর্ক নিয়ে বিরোধী শিবিরের সমালোচনা রয়েছে।
ইউজিটির প্রধান পেপে আলভারেস বলেছেন, নতুন যে সরকারই ক্ষমতায় আসুক, শ্রমিকদের দাবি নিয়ে ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। অন্যদিকে সিসিওওর নেতা উনাই সোরদো পিপির অর্থনৈতিক প্রস্তাবের সমালোচনা করেছেন।
এসব বক্তব্য থেকে ইউনিয়নগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু শুধু ঐতিহাসিক সম্পর্ক বা নেতাদের রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে বলা যায় না যে পিএসওই এই ধর্মঘটের নির্দেশ দিয়েছে। এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন।
স্পেনে সাধারণ ধর্মঘট কি নতুন ঘটনা?
স্পেনের গণতান্ত্রিক ইতিহাসে বিভিন্ন সরকারের আমলেই সাধারণ ধর্মঘট হয়েছে। ১৯৮৫, ১৯৮৮, ১৯৯২ ও ১৯৯৪ সালে ফেলিপে গনসালেসের সমাজতান্ত্রিক সরকারের সময় ধর্মঘট হয়েছিল। ২০০২ সালে হোসে মারিয়া আজনারের পিপি সরকারের বিরুদ্ধে, ২০১০ সালে হোসে লুইস রদ্রিগেস সাপাতেরোর সরকারের সময় এবং ২০১২ সালে মারিয়ানো রাখয়ের সরকারের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট হয়।
অর্থাৎ সাধারণ ধর্মঘট শুধু একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বা একটি দলের সমর্থনে হওয়া কর্মসূচি নয়। অতীতের ঘটনাগুলোও দেখায়, শ্রমিক সংগঠনগুলো সরকার যে দলেরই হোক, তাদের নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।
ধর্মঘট কতটা সফল হয়েছে?
ধর্মঘটের সাফল্য নিয়েও মতবিরোধ রয়েছে। ইউজিটি ও সিসিওও কর্মসূচিকে সফল বলে দাবি করেছে। বিপরীতে সিইওই বলেছে, বেসরকারি খাতে অংশগ্রহণের হার ৫ শতাংশেরও কম। তবে এটি ব্যবসায়ী সংগঠনটির নিজস্ব হিসাব, চূড়ান্ত সরকারি পরিসংখ্যান নয়।
ইএফইর প্রতিবেদন অনুযায়ী, অঞ্চল ও পেশাভেদে ধর্মঘটের প্রভাব এক রকম ছিল না। শিল্পকারখানা, গাড়ি উৎপাদন এবং বন্দর এলাকায় এর প্রভাব তুলনামূলক বেশি দেখা গেছে।
মাদ্রিদে বিক্ষোভকারীর সংখ্যা নিয়েও বড় ব্যবধান রয়েছে। সরকারি প্রতিনিধি দলের হিসাবে অংশগ্রহণকারী ছিলেন এক লাখ ২০ হাজারের বেশি, আর আয়োজকদের দাবি ছয় থেকে সাড়ে সাত লাখ। এই পার্থক্য থেকে বোঝা যায়, পুরো কর্মসূচিতে কত মানুষ অংশ নিয়েছেন, তা নির্দিষ্ট করে বলা কঠিন।
শেষ পর্যন্ত আন্দোলন, নাকি রাজনীতি?
এবারের ধর্মঘটকে শুধু শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে দেখলে নির্বাচনের সময়টিকে উপেক্ষা করা হয়। আবার একে কেবল রাজনৈতিক কৌশল বললেও আবাসনসংকট, কম মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের কারণে মানুষের দীর্ঘদিনের অসন্তোষকে অস্বীকার করা হয়।
বাস্তবতা হলো, শ্রমিকদের দাবি যেমন পুরোনো, তেমনি নির্বাচনের আগে এই আন্দোলনের রাজনৈতিক প্রভাবও অস্বীকার করার সুযোগ নেই। তবে রাজনৈতিক প্রভাব তৈরি হওয়া আর কোনো রাজনৈতিক দলের নির্দেশে আন্দোলন পরিচালিত হওয়া এক বিষয় নয়।
২৯ নভেম্বরের নির্বাচনে এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে, তা এখনই বলা কঠিন। তবে নতুন সরকার যে-ই গঠন করুক, শ্রমিকদের মজুরি, আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয়ের প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ তার থাকবে না।
| লেখক: সম্পাদক, প্রবাহ বাংলা, ইমেইল- [email protected]















