স্পেন
বার্সেলোনায় ধর্মঘট-পরবর্তী সহিংসতায় আহত ৩৬ পুলিশ সদস্য, বিক্ষোকারী আহতের সংখ্যা প্রকাশ করা হয়নি
বার্সেলোনায় সাধারণ ধর্মঘটের মিছিল শেষে বিক্ষোভকারীদের ছোড়া আতশবাজির মধ্যে অবস্থান নিয়েছেন মোসোস দ’এসকোয়াদ্রার সদস্যরা। ছবি: এমিলিও মোরেনাত্তি/এপি।
স্পেনের ১১ নভেম্বরের সাধারণ ধর্মঘটের মিছিল শেষে বার্সেলোনায় সংঘটিত সহিংসতায় মোসোস দ’এসকোয়াদ্রার ৩৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন বর্তমানে অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন। অন্যদিকে, সহিংসতায় জড়িত বা বিক্ষোভকারীদের মধ্যে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতালোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নুরিয়া পারলোন এবং মোসোস দ’এসকোয়াদ্রার প্রধান কমিশনার সিলভিয়া কাতা সংবাদ সম্মেলনে সহিংসতার বিস্তারিত তুলে ধরেন।
পুলিশের হিসাবে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৬ জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ ধারণা করছে, প্রায় ৫০০ জন এই সহিংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। তাঁদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

মোসোসের তথ্য অনুযায়ী, সহিংসতার সময় বার্সেলোনার বিভিন্ন এলাকায় ৪২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ আতশবাজি ব্যবহারের সরঞ্জাম, স্প্রে এবং বিস্ফোরক উপকরণ জব্দ করেছে। দুই অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে দুটি মলোটভ ককটেল উদ্ধার করা হয়েছে।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে পাসেই দে গ্রাসিয়ার অ্যাপল ও এইচঅ্যান্ডএমের দোকানও রয়েছে। পুলিশ জানিয়েছে, এসব দোকানের ভেতরে বিস্ফোরক উপকরণ পাওয়া গেছে। তবে সেগুলো বিস্ফোরিত হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মোসোসের প্রধান কমিশনার সিলভিয়া কাতা জানান, বিক্ষোভে আতশবাজির ব্যবহার ক্রমেই বাড়ছে। কিছু ব্যক্তি আতশবাজি সরাসরি পুলিশের সারির দিকে ছুড়েছেন। তিনি বলেন, আতশবাজি আকাশের দিকে ছোড়া এবং পুলিশের দিকে অনুভূমিকভাবে ছোড়া এক বিষয় নয়। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড পুলিশের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নুরিয়া পারলোন সহিংসতার নিন্দা জানিয়ে এর পেছনে উগ্রপন্থী ও ব্যবস্থাবিরোধী গোষ্ঠীর ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁর ভাষায়, এসব গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ পরিস্থিতি মোকাবিলায় সংযত আচরণ করেছে বলেও দাবি করেন তিনি।
পারলোন ও কাতা দুজনই ধর্মঘটের মূল মিছিল এবং মিছিল শেষে সংঘটিত সহিংসতাকে আলাদা করে দেখার ওপর জোর দেন। তাঁদের বক্তব্য, প্রায় ৫৫ হাজার মানুষ শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিয়েছিলেন। সহিংসতায় জড়িত একটি গোষ্ঠীর কর্মকাণ্ডের দায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর চাপানো উচিত নয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শারীরিক আঘাত, কর্তৃপক্ষের ওপর হামলা, জনশৃঙ্খলা ভঙ্গ এবং জোরপূর্বক চুরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তাঁদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। ধর্মঘটের আয়োজক শ্রমিক সংগঠনগুলোকেও সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
| তথ্যসূত্র: betevé, EFE, El Nacional, ARA













