মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৫৯৫

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৫৯৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সাতজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ২০৬ জন, খুলনা বিভাগের ২২০ জন, রাজশাহী বিভাগের ২২৯ জন, রংপুর বিভাগের ৭১ জন, বরিশাল বিভাগের ২১১ জন এবং সিলেট বিভাগের ২০ জন।

এদিকে, রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিলেন ঢাকা মহানগরের ৩৬৭ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী।

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ঘনবসতিপূর্ণ ভবনের মাঝে অবস্থিত একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মাগরিবের নামাজের পর এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত স্থানটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও অন্যান্য দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন আশপাশের বাসিন্দারা। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং আবাসিক ভবনের খুব কাছাকাছি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আবাসিক এলাকায় গড়ে ওঠা এই গোডাউনটিতে অবৈধভাবে মবিল প্রক্রিয়াজাত করা হতো বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে এসে আশপাশের ভবনের ছাদ ও চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

যেহেতু এটি তেলের গুদাম এবং চারপাশ ঘনবসতিপূর্ণ, তাই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪৪৪

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪৪৪

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন করে ১ হাজার ৩৫৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৮৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের শরীরে। আর সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে।

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনায় এক গাড়িচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের পাশে নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক চালক। বেলা ১টা থেকে ২টার মধ্যে দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির দরজা খুলতে গেলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িচালক গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

অন্য একটি সূত্র জানায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজ দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের বিশেষজ্ঞরা এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক