বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক
যুক্তরাজ্যের প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করেন। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক। তবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর চলতি বছরের বসন্তে এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।
কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে গত জুলাইয়ে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।
এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এর ফলে জ্বালানি, খাদ্য ও গৃহঋণের খরচ বেড়ে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধের কারণে ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ও অস্বাভাবিকভাবে বেড়েছে।
গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরের মধ্যে এটিই ছিল প্রথম সুদের হার বৃদ্ধি। এর ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বেড়েছে। পাশাপাশি নতুন ঋণ নেওয়া এবং পুরোনো ঋণ নবায়নের খরচও বৃদ্ধি পেয়েছে।







