সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৮ হাজার ৬০০ কর্মীর বিপরীতে ২৫৪ আবেদন

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, ৪ হাজার ৫৭০ কর্মীর চাহিদাপত্র সত্যায়ন, বাতিল দুই প্রতিষ্ঠানের আবেদন

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, ৪ হাজার ৫৭০ কর্মীর চাহিদাপত্র সত্যায়ন, বাতিল দুই প্রতিষ্ঠানের আবেদন

দীর্ঘ জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় গতি ফিরেছে। নিয়োগের গুরুত্বপূর্ণ ধাপ নিয়োগকর্তার চাহিদাপত্র (ডিমান্ড লেটার) ও ক্ষমতাপত্র (পাওয়ার অব অ্যাটর্নি) সত্যায়নের কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ইতোমধ্যে ৮ হাজার ৬০০-এর বেশি কর্মী নিয়োগের বিপরীতে ২৫৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৭০ কর্মীর নিয়োগসংক্রান্ত ১৩০টি আবেদন সত্যায়ন করেছে হাইকমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার নিয়োগকর্তারা হাইকমিশনের ই-এম্ব্যাসি ব্যবস্থায় অনলাইনে আবেদন করছেন। অনলাইন আবেদনের পাশাপাশি দূতাবাসের নির্ধারিত তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নসহ সরাসরি হাইকমিশনে জমা দিতে হচ্ছে।

আবেদন পাওয়ার পর হাইকমিশনারের অনুমোদনক্রমে শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করছেন। এ সময় প্রতিষ্ঠানের আর্থিক ও অবকাঠামোগত সক্ষমতা, কর্মপরিবেশ, শ্রমিকদের আবাসনব্যবস্থা এবং অতীতের রেকর্ড যাচাই করা হচ্ছে। সবকিছু সন্তোষজনক হলে রাষ্ট্রদূতের অনুমোদন নিয়ে অনলাইনে চাহিদাপত্র ও ক্ষমতাপত্র সত্যায়ন করা হচ্ছে।
সত্যায়ন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিএমইটির মহাপরিচালক, সংশ্লিষ্ট বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি এবং মালয়েশিয়ার নিয়োগকর্তার কাছে পাঠানো হচ্ছে।

মানদণ্ডে ছাড় নেই
তবে সব আবেদনই সত্যায়ন পাচ্ছে না। কোম্পানির কর্মস্থল ও শ্রমিকদের আবাসন মালয়েশিয়ার নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় অন্তত দুটি প্রতিষ্ঠানের আবেদন সত্যায়ন করেনি হাইকমিশন। সংশ্লিষ্টরা বলছেন, কর্মস্থল, কর্মী ব্যবস্থাপনা ও আবাসনব্যবস্থা নির্ধারিত মান অনুযায়ী নিশ্চিত করতে পারলেই পুনরায় সত্যায়নের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হাইকমিশন সূত্রের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ই-এম্ব্যাসি ব্যবস্থায় ২৫৪টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০-এর বেশি। এর মধ্যে ১৬১টি কোম্পানি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি জমা দিয়েছে। এসব আবেদনে কর্মীর সংখ্যা ৬ হাজার ৪৭৫ জন। ইতোমধ্যে ১৩০টি আবেদনের বিপরীতে ৪ হাজার ৫৭০ কর্মীর চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় দুটি কোম্পানির ৪০ কর্মীর আবেদন সত্যায়ন করা হয়নি।

সূত্র আরও জানায়, কাগজপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩২টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। বাকি ২৮টি আবেদন পর্যালোচনা ও সরেজমিন যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই শেষে দ্রুত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একদিকে নতুন আবেদন জমা পড়ছে, অন্যদিকে যাচাই-বাছাই শেষে সত্যায়নও চলছে। ফলে পুরো প্রক্রিয়াটি এখন চলমান রয়েছে।

দ্রুত সেবায় জনবল পাঠানোর আশ্বাস
গত ৫ নভেম্বর রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে বাংলাদেশ থেকে অস্থায়ী জনবল পাঠিয়ে সত্যায়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রীর এ আশ্বাসে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

এদিকে এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত ২৫টি প্রিন্সিপাল বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা চাই, আমাদের এজেন্সির মাধ্যমে যেসব কর্মী মালয়েশিয়ায় যাবেন, তাঁরা যেন সেখানে গিয়ে কাজ পান, নিরাপদে থাকেন এবং নিয়ম অনুযায়ী উপার্জন করতে পারেন। কাজ না পেয়ে বিপদে পড়া, নিঃস্ব হয়ে দেশে ফেরা কিংবা অবৈধ হয়ে কারাগারে যাওয়ার মতো পরিস্থিতি আমরা আর দেখতে চাই না।’

তিনি বলেন, ‘অতীতে বিভিন্ন সময়ে কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করেছেন। কেউ কেউ কারাগারেও গেছেন। এতে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর সুনাম ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে তাঁদের পক্ষে নতুন কর্মী নিয়োগ করাও কঠিন হয়ে পড়বে। তাই কর্মীদের স্বার্থ সুরক্ষায় মন্ত্রণালয় ও হাইকমিশনের পূর্ণ সহযোগিতা চাই। সবকিছু যাচাই করেই অনুমতি দেওয়া হোক।’

একই সঙ্গে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই, দূতাবাস আবেদনগুলো ফেলে না রেখে দ্রুত সরেজমিন পরিদর্শন করুক এবং সব শর্ত পূরণ হলে সত্যায়ন করে দিক। মন্ত্রণালয়ের নির্দেশনা ও গাইডলাইন মেনেই আমরা কাজ করতে প্রস্তুত।’

অতীতের ভুল এড়ানোর পরীক্ষা
উল্লেখ্য, ২০১৭-১৮ সালে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সময় বাংলাদেশ হাইকমিশন প্রতিটি নিয়োগকর্তার সক্ষমতা সরেজমিন যাচাই করে চাহিদাপত্র সত্যায়ন করেছিল। সংশ্লিষ্টদের মতে, ওই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পাওয়া গিয়েছিল।

পরবর্তী সময়ে ২০২২-২৪ সালে কর্মী নিয়োগের ক্ষেত্রে হাইকমিশনের সরেজমিন যাচাইয়ের পরিবর্তে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেরাই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করে। ফলে নিয়োগকর্তাদের প্রতিষ্ঠান পরিদর্শনে বাংলাদেশ হাইকমিশনের প্রত্যক্ষ ভূমিকা সীমিত হয়ে পড়ে।

এবার আবারও প্রতিটি নিয়োগকর্তার প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করে সত্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আবেদন বাড়ার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাইয়ের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কঠোর যাচাই-বাছাইয়ের পাশাপাশি দ্রুত সেবা প্রদানও জরুরি।

নিয়োগকর্তাদের সক্ষমতা যাচাই, রিক্রুটিং এজেন্সির জবাবদিহি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও আন্তরিকতার সমন্বয় ঘটাতে পারলেই অতীতের অনিয়ম ও ভোগান্তি এড়িয়ে একটি সুশৃঙ্খল নিয়োগব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ততম এই এলাকায় বাসে আগুন লাগার সাথে সাথে আশপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক