ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২,২৬০
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন নতুন রোগী।
সোমবার (0৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই মারা গেছেন ৪৪ জন। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিগত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া ২ হাজার ২৬০ জনকে নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ১ হাজার ৭৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।













