বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফ্যাসিবাদ ঠেকাতে রাজনৈতিক ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম
ফ্যাসিবাদ ঠেকাতে রাজনৈতিক ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরের ও বাইরের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্যের শক্তিকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গঠনের তাগিদ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার সঙ্গে একমত পোষণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ফ্যাসিবাদ রোধে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশের বাইরে ও সীমান্তের ওপার থেকে নানা কর্মসূচি দিয়ে ধর্মীয় উন্মাদনা বা ধর্মঘটসহ বিভিন্ন নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা নস্যাৎ এবং পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা বজায় রাখার স্বার্থে সব দল এক থাকবে। সাম্প্রতিক মাদক ও মানব পাচারবিরোধী অভিযানে সেনাসদস্যদের আত্মত্যাগ এবং উদ্ধার অভিযানের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা সম্মিলিত আন্দোলনের অভিজ্ঞতা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনাকে সমুচ্ছিন্নে রেখে জনগণকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও নিপীড়নের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করা রাজনৈতিক নেতৃত্বের মূল দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত ঐক্যের আহ্বানে সায় দিয়ে তিনি সতর্ক করে বলেন, কেবল সংসদে বক্তব্য কিংবা আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং ফ্যাসিবাদ যাতে আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকারকে অবিলম্বে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতান্ত্রিক সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক ও নীতিগত অম্লমধুর আলোচনা থাকবে—এটিই সংসদীয় ঐতিহ্য। তবে অভ্যন্তরীণ বিতর্ক সত্ত্বেও দেশের সামগ্রিক ভবিষ্যৎ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর প্রশ্নে সরকার ও বিরোধী দলের এমন অভিন্ন অবস্থান সংসদীয় রাজনীতিকে আরও সুসংহত করবে বলে উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেন।

এমপির বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
এমপির বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনাই বেশি। তবে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ বিষয়ে অভিযোগ তোলার পর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঘটনার বিবরণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। টিনশেডের আধাপাকা ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তাঁর বাবা-মা বসবাস করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মন্ত্রী জানান, টিনশেড ঘরটিতে কেউ থাকতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।

প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পাশের স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। এ ছাড়া তিনি নিজে কথা বলে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠিয়েছেন।

অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাড়িটি একজন সংসদ সদস্যের হওয়ায় ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিজিবি, ফায়ার সার্ভিস, বেসামরিক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ দল বিষয়টি তদন্ত করছে।

অধিবেশনে বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত পরীক্ষা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। এতে দেখা গেছে, সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ধরনের ঘটনার বিষয়ে কোনো সাক্ষীও তথ্য দেননি। তাই প্রাথমিকভাবে সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি এবং অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংগৃহীত আলামত ও ছবি পর্যালোচনায় প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ ছিল অত্যন্ত দুর্বল। সে কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এটি এখনো অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্তের পরই এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৭০৩, তারিখ ১২ নভেম্বর। পুলিশ বিষয়টি তদন্ত করছে। অধিকতর তদন্তে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।

 

সৌদিতে রাফায়েল যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম পাঠাল মিসর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম
সৌদিতে রাফায়েল যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম পাঠাল মিসর

সৌদি আরবের প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে রাজনৈতিক সমর্থন জানানোর আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান, নৌজাহাজ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিসর। আঞ্চলিক উত্তেজনা এবং লোহিত সাগর অঞ্চলে হুতিদের হামলার আশঙ্কার প্রেক্ষাপটে কায়রো এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে। মিডল ইস্ট আইয়ের প্রকাশিত প্রতিবেদনে মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে পাঠানো মিসরের সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। পাশাপাশি মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে। এছাড়া সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণেও সৌদি আকাশসীমায় মিসরের সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবের ওপর হামলার পর থেকেই সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল এবং কায়রো এখন তা আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে। গত ১৭ অক্টোবর সৌদি আরবের অনুরোধে দেশটির প্রতিরক্ষায় সেনা পাঠানোর প্রস্তাব দেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, যা পরে গত ২৬ অক্টোবর সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হয়। এদিকে সৌদি আরব মিসরের কেন্দ্রীয় ব্যাংকে থাকা ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হওয়ায় দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই সামরিক সহযোগিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগে গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছিল, যার পর থেকেই আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষায় বিভিন্ন দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইসরায়েলে ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত রামোন বিমানবন্দর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
ইসরায়েলে ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত রামোন বিমানবন্দর

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় কাছের রামোন বিমানবন্দর। ভূমিকম্পের ঘটনায় কেউ আহত না হলেও বিমানবন্দরের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনে রামোন বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে গেছে।

এদিকে, ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয় হোম ফ্রন্ট কমান্ড।

ভূমিকম্পের পর নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো পরিদর্শন ও পরীক্ষা চালানোর কথা জানিয়ে সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর রামোন বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্যক্রম আবার চালু করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড বুধবার জানিয়েছে, ২০২৭ সালকে ইতোমধ্যে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি আরও জোরদার করতে একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমান্ডটি।

বিবৃতিতে বলা হয়, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে কমান্ডের নেতৃত্বে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে, যার সমাপ্তি ঘটবে একটি বড় জাতীয় মহড়ার মধ্য দিয়ে।’

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক