কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনাই বেশি। তবে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ বিষয়ে অভিযোগ তোলার পর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঘটনার বিবরণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। টিনশেডের আধাপাকা ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তাঁর বাবা-মা বসবাস করেন।
আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে
আমাদের Google News ফলো করুন
এবং নিয়মিত আপডেটের জন্য
WhatsApp Channel–এ যুক্ত থাকুন।
মন্ত্রী জানান, টিনশেড ঘরটিতে কেউ থাকতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।
প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পাশের স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। এ ছাড়া তিনি নিজে কথা বলে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠিয়েছেন।
অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাড়িটি একজন সংসদ সদস্যের হওয়ায় ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিজিবি, ফায়ার সার্ভিস, বেসামরিক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ দল বিষয়টি তদন্ত করছে।
অধিবেশনে বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত পরীক্ষা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। এতে দেখা গেছে, সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ধরনের ঘটনার বিষয়ে কোনো সাক্ষীও তথ্য দেননি। তাই প্রাথমিকভাবে সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি এবং অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংগৃহীত আলামত ও ছবি পর্যালোচনায় প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ ছিল অত্যন্ত দুর্বল। সে কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এটি এখনো অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্তের পরই এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৭০৩, তারিখ ১২ নভেম্বর। পুলিশ বিষয়টি তদন্ত করছে। অধিকতর তদন্তে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।