শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা ছিল না; কেবল শরীরের অংশটি পাওয়া গেছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।