এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের। এ বিভাগে ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।