বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পার্শ্ববৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
একইভাবে অ্যান্থনি আলবানিজও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও উপযুক্ত সময়ে দেশটি সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি বিশেষভাবে ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এ ছাড়া বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা চান তিনি।
জলবায়ু ইস্যুতে আলোচনার সময় কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, এ দেশে বিদেশি বিনিয়োগের জন্য বর্তমানে বিভিন্ন সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে দেশটির কূটনৈতিক উদ্যোগ আরও জোরালো করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে; তাই এর স্থায়ী সমাধানও ওই দেশেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি। এসব কর্মসূচির মধ্যে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানো এবং খাল খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।















