সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রাউলের পাশে এমবাপ্পে

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এম
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রাউলের পাশে এমবাপ্পে

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রাউলের পাশে এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এবার রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসের পাশে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইন্টার মিলানকে ২-১ গোলে হারানোর ম্যাচে একটি গোল করে প্রতিযোগিতায় নিজের গোলসংখ্যা ৭১-এ নিয়ে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতেই রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ১৪ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক শটে ইন্টারের জালে বল পাঠান তিনি। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৯৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ৭১-এ।

রাউলও চ্যাম্পিয়ন্স লিগে ৭১ গোল করেছিলেন। রিয়ালের হয়ে তিনবার ইউরোপসেরার এই শিরোপা জেতা স্প্যানিশ কিংবদন্তি ১৪২ ম্যাচে ৭১ গোল করেছিলেন। তবে এমবাপ্পে সেই মাইলফলকে পৌঁছেছেন ৪৩ ম্যাচ কম খেলেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এমবাপ্পের সামনে এখন রয়েছেন চারজন। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ১৪০টি। এরপর লিওনেল মেসি ১২৯, রবার্ট লেভানডভস্কি ১০৯ এবং করিম বেনজেমা ৯০ গোল নিয়ে তালিকায় আছেন।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ কাজে লাগায় তারা। ইন্টারের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ফেদেরিকো ভালভের্দে। বেনজামিন পাভারের ব্যাক পাস থেকে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে ভুল করেন গোলরক্ষক হোসে মার্তিনেজ। সেই সুযোগ কাজে লাগিয়ে তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে সহজেই জালে পাঠান রিয়াল অধিনায়ক।

দুই গোলে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় ইন্টার। প্রথমার্ধের শেষ দিকে দারুণ দুটি সেভ করে দলকে কিছুটা স্বস্তি দেন মার্তিনেজ। এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের শট ঠেকিয়ে দেন তিনি। এর মধ্যে একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসায়ও রক্ষা পায় ইন্টার।

অন্যদিকে ইন্টারের আক্রমণও সামলাতে হয়েছে রিয়ালকে। ম্যাচটি ছিল রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার চ্যাম্পিয়ন্স লিগে ১০০তম উপস্থিতি। অভিজ্ঞ এই গোলরক্ষক হাঁকান চালহানোলু ও লাউতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দেন। কার্টিস জোন্সের একটি প্রচেষ্টা আবার ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও একাধিকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রিয়াল। তবে বেলিংহ্যামসহ দলের আক্রমণভাগের খেলোয়াড়েরা কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি।

৭৭ মিনিটে কার্লোস অগুস্তোর গোলে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এক গোল শোধ করে সমতায় ফেরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালায় ইন্টার। তবে রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আর ম্যাচের একমাত্র গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের গোলদাতাদের তালিকায় রাউলকে ছুঁয়ে ফেলেন এমবাপ্পে।

 

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক