প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
দেশের প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়ানো এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতির উন্নয়নে কাজ করা হবে।
শুক্রবার (০৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দিয়েছে।
কর্মসূচিটির প্রধান উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা যেন শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। একই সঙ্গে সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও এ অর্থ সহায়তা দেবে।
বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হলেও শিক্ষার্থীদের শেখার মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। দেশের ১০ বছর বয়সী শিশুদের প্রায় অর্ধেকই বয়স উপযোগী সাধারণ লেখা পড়ে তা বুঝতে পারে না। তুলনামূলকভাবে মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসম বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম কর্মশক্তি গড়ে তোলার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই দশকে বাংলাদেশের প্রায় সব শিশুকে বিদ্যালয়ের আওতায় আনতে বিশ্বব্যাংক গ্রুপ সহায়তা করেছে। নতুন অর্থায়নের ফলে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি বাড়বে এবং বিদ্যালয়ে তাদের ধরে রাখার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ভবিষ্যতে কর্মসংস্থানের পথও সুগম হবে।
সংস্থাটি জানায়, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থাগুলোর অন্যতম। সরকারি ও বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসায় ২ কোটির বেশি শিশু পড়াশোনা করছে।
নতুন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতের ভিত্তি শক্তিশালী করতে পাঠদানের উপকরণ, পরিকল্পিত পাঠক্রম এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনার কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগও থাকবে।
বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও কর্মসূচির টিম লিডার তাশমিনা রহমান বলেন, ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি। যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ পাঠদান বা রেমিডিয়াল লার্নিংয়ের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে পিছিয়ে পড়া জেলাগুলোকে।
তিনি আরও জানান, শিক্ষকদের দক্ষতা বাড়ানো, বিদ্যালয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ, বাজেট ব্যবহারে জবাবদিহি প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণে তথ্যের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতেও কর্মসূচিটি সহায়তা করবে।
কর্মসূচির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে পড়া, লেখা ও গণিতের মৌলিক বিষয়গুলো আরও কার্যকরভাবে শেখানো সম্ভব হবে। পাশাপাশি সরকারি বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। এতে শিশুরা বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই আনুষ্ঠানিক শিক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে বলে আশা করছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ধারণা, এ কর্মসূচি বাস্তবায়নের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ লাখ ৪৩ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব কর্মসংস্থানে তুলনামূলক ভালো বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
কর্মসূচির অর্থায়ন করা হচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে। ২৫ বছর মেয়াদি এ অর্থায়নের ক্ষেত্রে প্রথম পাঁচ বছর ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হিসেবে রাখা হয়েছে।












