চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে মঞ্চে উঠে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। বোরকা পরেই মঞ্চে পারফর্ম করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন তিনি। তাঁর উপস্থিতি ও পরিবেশনায় বাড়তি মাত্রা পেয়েছে রাজধানীতে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভাল ২০২৬’।
গত ৪ থেকে ৮ নভেম্বর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় এ ওয়েডিং কার্নিভাল। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, ফ্যাশন ও মডেলিং অঙ্গনের তারকাদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল লাইভ কনসার্ট, ফ্যাশন শো, ওয়েডিং মার্কেটপ্লেসসহ নানা আয়োজন। কার্নিভালের শেষ দিন ৮ নভেম্বর মঞ্চে পারফর্ম করেন নুসরাত ফারিয়া।
এদিন ফারিয়ার পোশাকেও ছিল ব্যতিক্রমী চমক। তাঁর পরনে ছিল ‘হায়া বাই সানজানা’র নকশা করা বোরকা। আবৃত পোশাকের মধ্যেও নান্দনিকতা, আভিজাত্য ও ফ্যাশনের স্বতন্ত্র প্রকাশ ঘটিয়েছেন তিনি। পোশাকের কারুকাজ, রঙের ব্যবহার এবং সামগ্রিক সাজে ফুটে উঠেছে রুচিশীলতার ছাপ। তাঁর এই বিশেষ সাজে মেকওভার করেছেন জাহিদ খান মেকওভার।
মঞ্চে নুসরাত ফারিয়ার পারফরম্যান্সেও ছিল চেনা আত্মবিশ্বাস ও সাবলীলতা। নাচ, গান কিংবা যেকোনো পরিবেশনায় নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের মনোযোগ ধরে রাখার দক্ষতা রয়েছে তাঁর। প্রতিবারই ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন এই অভিনেত্রী। এবারও পোশাক ও পরিবেশনার সমন্বয়ে তৈরি করেছেন আলাদা আকর্ষণ।
এর আগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে নাচের পারফরম্যান্স দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন ফারিয়া। বিশেষ করে ‘কন্যা’ গানের সঙ্গে তাঁর পরিবেশনা প্রশংসিত হয়। অন্যদিকে, গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাঁর ‘লোকে বলে’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। প্রকাশের পরপরই গানটি এক মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করে।
অভিনয়ের পাশাপাশি নাচ ও সংগীতে নিজের সক্রিয় উপস্থিতি ধরে রেখেছেন নুসরাত ফারিয়া। এবারের ওয়েডিং কার্নিভালেও ব্যতিক্রমী পোশাক, সাবলীল পরিবেশনা ও আকর্ষণীয় উপস্থিতির মধ্য দিয়ে আবারও নিজের স্বতন্ত্র অবস্থান তুলে ধরেছেন তিনি।