লেস্টারের দুই দশকের অধ্যায় শেষ, শেফিল্ডে ফিরলেন হামজা
লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তিতে যোগ দিয়েছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। প্রাথমিকভাবে ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি হয়েছে এক বছরের।
সোশ্যাল মিডিয়া ও অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে হামজাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শেফিল্ড ইউনাইটেড।
এর আগে ২০২৫ সালে ধারে শেফিল্ডে খেলেছিলেন হামজা। সে সময় সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি ম্যাচে মাঠে নেমে এবং ক্লাবকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে দুর্দান্ত ভূমিকা রেখে সমর্থকদের মন জয় করেছিলেন তিনি।
পুরোনো শিষ্যকে ডেরায় ফেরাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। তিনি জানান, দলে ইনজুরি সমস্যা থাকায় রাইট ব্যাক পজিশনে অভিজ্ঞ কাউকে প্রয়োজন ছিল। হামজা এর আগেও চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছেন। তাছাড়া প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা থাকায় এই পর্যায়ে দল পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
নতুন ঠিকানায় ফিরে রোমাঞ্চ প্রকাশ করেছেন হামজাও। লেস্টারে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি মনে করে তিনি জানান, জীবনের ২০ বছর এক ক্লাবে কাটানোর পর হঠাৎ এই পরিবর্তন তাঁর ও পরিবারের জন্য বড় সিদ্ধান্ত। তবে নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। কোচের অধীনে খেলতে তিনি সব সময় ভালোবাসেন।
মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমি থেকে হামজার ফুটবলযাত্রার সূচনা। এরপর মূল দলে যুক্ত হয়ে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগে অংশ নেওয়ার পাশাপাশি ২০২১ সালে ক্লাবটির ঐতিহাসিক এফএ কাপ জয়ের অংশীদার হন তিনি। চলতি মৌসুমে লেস্টারের জার্সিতে ৩টি ম্যাচ খেলার পর শেফিল্ডে পাড়ি জমালেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবল তারকা।
বিদায়লগ্নে দীর্ঘ পথচলার জন্য হামজার প্রতি কৃতজ্ঞতা এবং তাঁর ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছে লেস্টার সিটি।













