মায়ামিতে আবারও এক হতে পারেন মেসি-সুয়ারেজ-নেইমার
বার্সেলোনার জার্সিতে একসময় ফুটবলবিশ্ব মাতানো লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে আবারও একই দলে দেখার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। তবে এখনো বিষয়টি কেবল গুঞ্জন ও সম্ভাবনার পর্যায়েই রয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ইন্টার মায়ামি। নেইমারের চুক্তি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি না হলে আগামী বছরের জানুয়ারি থেকে অন্য কোনো ক্লাবে বিনা মূল্যে যোগ দেওয়ার সুযোগ পাবেন ব্রাজিলের এই তারকা।
তবে নেইমার ও ইন্টার মায়ামির মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তি হয়নি। এমনকি দুই পক্ষের মধ্যে যোগাযোগেরও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই মূলত মায়ামিতে মেসি-সুয়ারেজ-নেইমার পুনর্মিলনের গুঞ্জন বাড়িয়েছে।
সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার বলেন, সান্তোসের সঙ্গে তাঁর চুক্তি ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ পূর্ণ করে ক্লাবটির জার্সির প্রতি সম্মান দেখাতে চান তিনি। এরপর তিনি থাকবেন নাকি চলে যাবেন, এমনকি ফুটবল চালিয়ে যাবেন কি না—সেটিও পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
নেইমারের বক্তব্যে ইন্টার মায়ামির কোনো উল্লেখ ছিল না। তবে ভবিষ্যৎ নিয়ে কোনো সম্ভাবনাই বন্ধ না রাখায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সংবাদমাধ্যমে মায়ামিকে সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইন্টার মায়ামিতে বর্তমানে মেসির সঙ্গে খেলছেন সুয়ারেজ। মেসির সঙ্গে ক্লাবটির চুক্তি ২০২৮ মৌসুম পর্যন্ত। ফলে নেইমারকে দলে ভেড়াতে পারলে বার্সেলোনার বিখ্যাত আক্রমণভাগের তিন তারকাকে প্রায় এক দশক পর আবারও একই জার্সিতে দেখা যেতে পারে।
তবে পুনর্মিলনের ক্ষেত্রে বড় বাধা হতে পারেন সুয়ারেজের চুক্তির মেয়াদ। ইন্টার মায়ামির সঙ্গে উরুগুয়ের এই তারকার বর্তমান চুক্তি ২০২৬ মৌসুম পর্যন্ত। ফলে নেইমার আগামী জানুয়ারিতে মায়ামিতে যোগ দিলে সুয়ারেজকে ধরে রাখতে ক্লাবটিকে নতুন চুক্তি করতে হবে।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের বেতনসীমা ও খেলোয়াড় নিবন্ধনের নিয়মও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নেইমারের পারিশ্রমিক, বয়স এবং সাম্প্রতিক বছরগুলোর চোটের ইতিহাস বিবেচনায় নিয়ে মায়ামিকে আর্থিক ও ক্রীড়াগত দুই দিক থেকেই হিসাব করতে হবে।
মেসি, সুয়ারেজ ও নেইমার ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন। তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই তিন তারকা করেছেন ৩৬৪ গোল। তাঁদের সময়ে বার্সেলোনা জিতেছে নয়টি শিরোপা, যার মধ্যে ছিল দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৪-১৫ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল।
তিন তারকার পুনর্মিলন হলে শুধু মাঠের পারফরম্যান্স নয়, বাণিজ্যিক দিক থেকেও ইন্টার মায়ামি বড় সুবিধা পেতে পারে। তবে আপাতত মায়ামিতে মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীকে আবার একসঙ্গে দেখার বিষয়টি নির্ভর করছে নেইমারের ভবিষ্যৎ সিদ্ধান্ত, সুয়ারেজের নতুন চুক্তি এবং ইন্টার মায়ামির আর্থিক পরিকল্পনার ওপর।













