মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিদেশে যাওয়ার আগে একবার পড়ুন

ইতালির স্বপ্নে মিশরে বন্দি ৪ বাংলাদেশি: রুদ্ধশ্বাস উদ্ধারকাহিনীর নেপথ্যে

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৪৬ এম
ইতালির স্বপ্নে মিশরে বন্দি ৪ বাংলাদেশি: রুদ্ধশ্বাস উদ্ধারকাহিনীর নেপথ্যে

ঠিক দুই বছর আগের কথা। হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে এক ব্যক্তির হাউমাউ করে কান্নার আওয়াজ।
​আমি কিছুটা থতমত খেয়ে জিজ্ঞেস করলাম, “আপনি কে? কাঁদছেন কেন? উত্তরে ওপাশ থেকে ভাঙা গলায় ভেসে এলো, “আমার নাম আবুল কাসেম। বাড়ি কিশোরগঞ্জ, এখন মিশরের আশরা রামাদান থেকে বলছি। অনেক চেষ্টা করে আপনার নম্বরটা পেয়েছি ভাই। আল্লাহর দোহাই লাগে, আমাদের বাঁচান!”
​উদ্বিগ্ন হয়ে জানতে চাইলাম, আসলে কী হয়েছে?

তিনি যা জানালেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো। আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন পরিষদে চাকরি করতেন। একই জেলার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলেন মোহাম্মদ শরীফ মিয়া। এই শরীফ মিয়া ও তার স্ত্রী ফুলনাহার বেগম, বাজিতপুরের আবুল কাসেম এবং কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ জামান মিয়া—এই চারজনকে ইতালি পাঠানোর টোপ দেয় এক দালাল চক্র।
​মিশরে বসবাসরত কারপাশা জালালপুর গ্রামের জহির মিয়া ও মিনা বেগম নামের এক দালাল দম্পতি তাদের ইতালি পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে মিশরে নিয়ে আসে। কিন্তু মিশরে নামার পর থেকেই বদলে যায় দৃশ্যপট। দীর্ঘ তিন মাস ধরে একটি অন্ধকার ঘরে তাদের বন্দি করে রাখা হয়।

সবচেয়ে জঘন্য বিষয় হলো, শরীফ মিয়ার স্ত্রী ফুলনাহার বেগমকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে আনা হলেও, তাকে দিয়ে ওই দালালের বাসায় জোরপূর্বক গৃহকর্মীর কাজ করানো হচ্ছিল।
​ফোনে কাসেম আকুতি জানালেন, “আমরা ৪ জন এখানে নরকযন্ত্রণা ভোগ করছি। আমাদের দেশে ফিরতে সাহায্য করুন।
​আমি তাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দিলে কাসেম জানান, তাদের কাছে দূতাবাসের কোনো নম্বর নেই। এমনকি নিজেদের মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়েছে। অত্যন্ত গোপনে অন্য একজনের ফোন থেকে সুযোগ পেয়ে তিনি আমাকে এই কলটি করেছেন। এরপর দালালের নাম ও ফোন নম্বরটি দিয়ে তিনি দ্রুত লাইন কেটে দেন।
​

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কিছুক্ষণ পর আমার হোয়াটসঅ্যাপে বাংলাদেশ থেকে ওই দালালের পাসপোর্টের কপি, ছবি, ফেসবুক আইডি এবং ভুক্তভোগীদের পাঠানো দুটি ভিডিও আসে। ভিডিওগুলোতে তাদের অমানবিক ও অসহায় জীবনের করুণ চিত্র দেখে চোখ ভিজে আসছিল।
​দালালের মুখোমুখি: সেদিনই রাতে আমি সরাসরি ওই দালালকে ফোন করি। তিনজনের নাম উল্লেখ করে জানতে চাই, “এদের চেনেন? প্রথমে সম্পূর্ণ অস্বীকার করলেও জেরার মুখে একপর্যায়ে তিনি স্বীকার করেন, “হ্যাঁ, আমি এনেছি। ওদের গার্মেন্টসে চাকরি দিয়েছি। এরপর আর কথা না বাড়িয়ে উল্টো আমাকে ধমক দিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে বহুবার চেষ্টা করেও তাকে আর ফোনে পাওয়া যায়নি। পরদিন সকালে আমি বিষয়টি মিশরে বাংলাদেশ দূতাবাসের তৎকালীন শ্রম কাউন্সিলর জনাব ইসমাইল হোসেনকে জানাই এবং প্রমাণসহ দালালের নম্বর দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি।

দূতাবাস থেকে কাসেমের সাথে যোগাযোগ করে তাদের অফিসে আসতে বলা হয়। কিন্তু কাসেম জানান, কড়া নজরদারির কারণে তিনি আসতে পারছেন না, তবে তার স্ত্রীকে পাঠাবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দালালের ভয়ে আতঙ্কিত হয়ে তার স্ত্রী শ্রম কাউন্সিলরের সামনে গিয়ে ঘটনার সমস্ত কিছু অস্বীকার করেন।

​হুমকি ও সামাজিক মাধ্যমে লড়াই- পরিস্থিতি জটিল দেখে আমি কিশোরগঞ্জের স্থানীয় কয়েকটি ফেসবুক গ্রুপে দালালের ছবি ও ঘটনার বিস্তারিত তুলে ধরে একটি পোস্ট করি। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য আসতে শুরু করে। একপর্যায়ে স্থানীয় এক রাজনৈতিক নেতা আমাকে ফোন করে পোস্টটি মুছে ফেলার জন্য হুমকিও দেন। কিন্তু সত্যের পক্ষে থাকায় আমি পোস্টটি সরাইনি।

এর পরদিনই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। দালালের ফোন থেকেই কাসেম আমাকে কল করে হাপাচ্ছেন। বললেন, “স্যার, দালাল আমাদের আগামীকালই দেশে পাঠিয়ে দেবে বলেছে। আপনি দয়া করে ফেসবুকের পোস্টটি ডিলিট করে দিন।”
​বুঝতে পারলাম, সামাজিক মাধ্যমের চাপ এবং দূতাবাসের তৎপরতায় দালাল চক্র ভয় পেয়ে গেছে।

পরদিন বিমানবন্দর থেকে কাসেম আবার ফোন করলেন। আবেগপ্লুত গলায় বললেন, “স্যার, আমরা বিমানে উঠছি। দেশে ফিরে যাচ্ছি। আপনার উসিলায় আমরা নতুন জীবন পেলাম। আপনি দেশে আসলে শুধু একবার দেখা করে সালাম করতে চাই।
​ইতি কথা: কয়েক মাস পর আমি যখন বাংলাদেশে যাই, কাসেম মেসেঞ্জারে বারবার দেখা করার অনুরোধ করেছিলেন। কিন্তু সময়ের তীব্র স্বল্পতায় আমার আর তার সাথে দেখা করা হয়ে ওঠেনি।।আজ হঠাৎ ফেসবুকে কাসেম ও তার পরিবারের হাসিমুখের একটি ছবি চোখের সামনে ভেসে উঠল। আর তাতেই মনে পড়ে গেল দুই বছর আগের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। মনে হলো, এই গল্পটি আবারও সবাইকে জানানো উচিত।।বিদেশে সুন্দর ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখিয়ে এই মানব পাচারকারীরা আজও অসংখ্য নিরীহ মানুষকে প্রতারণার জালে ফেলছে। অনেকেই হারাচ্ছেন তাদের সারাজীবনের সঞ্চয়, সম্মান, স্বাধীনতা-এমনকি নিজের মূল্যবান জীবনও।
​সতর্কবার্তা: প্রবাসে যাওয়ার আগে কোনো দালালের খপ্পরে না পড়ে, সবসময় সরকারিভাবে অনুমোদিত ও বৈধ পথ বেছে নিন। মনে রাখবেন, আপনার একটি অসচেতন সিদ্ধান্ত শুধু আপনার নয়, একটি পুরো পরিবারের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে ঠেলে দিতে পারে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক