মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কায়রোতে ৮ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর মিলনমেলা

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:৩৮ এম
কায়রোতে ৮ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর মিলনমেলা

প্রবাস জীবনের ব্যস্ততা, পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে থাকার বেদনা আর ঈদের দিনে আপনজনদের শূন্যতা—সবকিছুকে এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধনে রাঙিয়ে তুললো মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। আনন্দ, আবেগ আর ভালোবাসার এক অভূতপূর্ব মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল মিশরের রাজধানী কায়রো।বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় কায়রোর সাক্কারা কুরাইশ এলাকার আত-তাইসির হলে অনুষ্ঠিত হয় ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ মিশর শাখার উদ্যোগে ঈদুল আজহা পুনর্মিলনী। এতে অংশ নেন দেশটিতে অধ্যয়নরত আট শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী। আয়োজকদের দাবি, এটিই ছিল এ যাবতকালের মধ্যে মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

​পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব। তিনি বলেন, “প্রবাসে থেকেও শিক্ষার্থীরা যেন পরিবার ও দেশের উষ্ণতা অনুভব করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন।এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শিল্পীদের সুললিত কণ্ঠে ইসলামী সংগীত ও অন্যান্য পরিবেশনা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।
​অনুষ্ঠানে বিশেষ উপহার প্রদানের মাধ্যমে প্রায় ১৫০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে উপস্থিত প্রায় ৪০ জন শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হয় খেলনা ও ঈদ সালামি। ছোট্ট শিশুদের হাসিমাখা মুখ আর উচ্ছ্বাসে মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।পরবর্তী পর্বে সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের পক্ষ থেকে সাবেক সভাপতিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মিরাজী, সহ-সভাপতি যায়েদ আহমাদ, সাবেক সভাপতি শিহাব উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল আজিজ তরফদার, সাবেক উপদেষ্টা মোস্তফা জামাল, বর্তমান সিনিয়র উপদেষ্টা মোশাররফ হোসেন, সাবেক সদস্য প্রতিনিধি আখতারুজ্জামান এবং বর্তমান সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান।সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াবের সমাপনী বক্তব্য এবং প্রবীণ শিক্ষার্থী মাহফুজুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর উপস্থিত সবার জন্য পরিবেশন করা হয় কোরবানির উট ও গরুর মাংসের বিশেষ আপ্যায়ন। বিশেষ করে সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতো কোরবানির উটের সুস্বাদু মাংস পরিবেশন শিক্ষার্থীদের কাছে এবারের ঈদ আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।
​অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন তাদের পরিবারবর্গ এবং মিশরে বসবাসরত প্রবাসী ও পেশাজীবীরা। প্রবাসের মাটিতে এমন হৃদয়ছোঁয়া আয়োজন মুহূর্তের জন্য ভুলিয়ে দিয়েছিল দেশ থেকে দূরে থাকার কষ্ট; ক্ষণিকের জন্য হলেও এক ছাদের নিচে যেন গড়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক