সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টানা দ্বিতীয়বার ভারতের বিশ্বকাপ জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:০২ পিএম
টানা দ্বিতীয়বার ভারতের বিশ্বকাপ জয়

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববারের ফাইনালে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত, যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড, ফলে ৯৬ রানের বড় জয়ে টানা দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে টানা দুই আসরে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি তিনবার এই শিরোপা জয়ের নজির গড়ল ভারত, আর স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপ জয়েরও ইতিহাস লিখল তারা।

প্রায় ৮৬ হাজারের গর্জনমুখর সমর্থনে শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতের টপ অর্ডার। ওপেনার সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, যাতে ছিল ছয়-চার মিলে বহু বাউন্ডারি, আর এই ধারাবাহিক ফর্মের কারণেই পুরো আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। তাঁর সঙ্গী ঈশান কিশান মাত্র ২৫ বলে ৫৪ ও তিন নম্বরে নেমে অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান করে ভারতের স্কোরকে প্রায় অপরাজেয় উচ্চতায় তুলে নেন। শেষ দিকে শিবম দুবে অপরাজিত ২৬ এবং হার্দিক পান্ডিয়া দ্রুতগতির ১৮ রান করে দলকে ২৫৫ পর্যন্ত নিয়ে যান; নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন, বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি।

এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ইনিংসের তৃতীয় ওভারের মধ্যেই ফিন অ্যালেন ফিরলে কাঁপতে থাকে কিউই শিবির, পাওয়ার প্লের শেষে তাদের স্কোর দাঁড়ায় ৬ ওভারে ৫২/৩। এক প্রান্তে লড়াই চালিয়ে যান ওপেনার টিম সাইফার্ট; তিনি শেষ পর্যন্ত ২৬ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন, আর মাঝের দিকে মিচেল স্যান্টনার ৪৩ রান করলেও চাপ কাটাতে পারেননি। ইনিংসের অর্ধেক পথ পেরোতেই ১০ ওভার শেষে ৫ উইকেটে ৮৮ রানে দাঁড়িয়ে যায় নিউজিল্যান্ড, সেখান থেকে আবারও শক্ত লড়াইয়ে ফেরার মতো কিছু আর বাকি ছিল না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বল হাতে ভারতের পক্ষে ধ্বংসযজ্ঞ চালান যশপ্রীত বুমরা। দারুণ নিয়ন্ত্রণ আর বৈচিত্র্যে ভর করে তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৪ উইকেট, যা তাঁকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। তাঁকে দারুণ সঙ্গ দেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল, ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট; হার্দিক পান্ডিয়া নেন ১ উইকেট, আর ভারতের স্পিন-ফাস্ট সমন্বিত আক্রমণে শেষ পর্যন্ত ১৯ ওভারের মধ্যেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। বোলিংয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে বুমরা এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী সমান ১৪টি করে উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আসর শেষ করেন বলে স্কোরকার্ডে উল্লেখ আছে।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় বুমরা বলেন, ঘরের মাঠে এর আগে খেলা এক ফাইনালে হতাশা সঙ্গী হয়েছিল, তাই এদিন শিরোপা জেতা তাঁর কাছে বিশেষ অনুভূতি নিয়ে এসেছে। তিনি জানান, ফাইনালে ব্যাটিংবান্ধব উইকেটে সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পিত বোলিং করাই তাঁর লক্ষ্য ছিল। অন্যদিকে, টানা তিন ইনিংসে ৮০–এর বেশি রান করে স্যামসন ব্যাট হাতে আধিপত্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন; ভারতীয় ড্রেসিংরুম এবং গ্যালারির উন্মাদনা মিলিয়ে আহমেদাবাদে ফাইনালের রাতটা রূপ নেয় এক উৎসবের আসরে।

সংক্ষিপ্ত স্কোর:

  • ভারত: ২০ ওভারে ২৫৫/৫ – সঞ্জু স্যামসন ৮৯, ঈশান কিশান ৫৪, অভিষেক শর্মা ৫২, শিবম দুবে ২৬*, হার্দিক পান্ডিয়া ১৮; জেমস নিশাম ৩/৪৬, রাচিন রবীন্দ্র ১/৩২, ম্যাট হেনরি ১/৪৯।

  • নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ – টিম সাইফার্ট ৫২, মিচেল স্যান্টনার ৪৩, ড্যারিল মিচেল ১৭; যশপ্রীত বুমরা ৪/১৫, অক্ষর প্যাটেল ৩/২৭, হার্দিক পান্ডিয়া ১/৩৬।

  • ফল: ভারত ৯৬ রানে জয়ী।

  • ম্যাচসেরা: যশপ্রীত বুমরা।

  • সিরিজসেরা: সঞ্জু স্যামসন

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক