শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নীরব আত্মসমর্পণ থেকে দায়িত্বশীল নাগরিকত্ব: বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক পথচিন্তা

কাজী এনায়েত উল্লাহ, প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম
নীরব আত্মসমর্পণ থেকে দায়িত্বশীল নাগরিকত্ব: বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক পথচিন্তা

রাজনীতি থেকে পালিয়ে মুক্তি নেই। কিন্তু রাজনীতিকে যদি নৈতিকতা,দক্ষতা ও নাগরিক দায়িত্বের জায়গায় ফিরিয়ে আনা যায়, তবে পরিবর্তন নিশ্চয়ই সম্ভব। এই উপলব্ধির ওপর দাঁড়িয়েই একটি নতুন রাজনৈতিক মডেলের প্রয়োজনীয়তা অনুভূত হয়-যে মডেল কোনো কল্পনাপ্রসূত ইউটোপিয়া নয়, বরং ধীর, বাস্তব এবং নাগরিক চেতনায় গড়ে ওঠা এক নতুন পথ। এখানে রাজনীতি কোনো অলৌকিক বিপ্লবের মাধ্যমে বদলে যাবে না; বরং প্রতিদিনের দায়িত্বশীল অংশগ্রহণ, নৈতিক সিদ্ধান্ত ও প্রাতিষ্ঠানিক শুদ্ধতার মধ্য দিয়ে ধাপে ধাপে রূপান্তর ঘটবে। এই পথচলার অন্তর্নিহিত বিশ্বাস একটাই-ভবিষ্যতের রাজনীতি সবচেয়ে চতুরদের হাতে নয়, বরং সবচেয়ে দায়িত্বশীলদের হাতেই ন্যস্ত হওয়া উচিত।

বাংলাদেশের রাজনৈতিক সংকটকে সাধারণত ক্ষমতার দ্বন্দ্ব,নির্বাচনকেন্দ্রীক সংঘাত কিংবা দলীয় প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ করে দেখা হয়। কিন্তু এই দৃশ্যমান সমস্যাগুলোর নিচে লুকিয়ে আছে আরও গভীর এক সংকট-রাজনীতির প্রতি মানুষের দীর্ঘদিনের জমে ওঠা অনাস্থা। সাধারণ মানুষের চোখে রাজনীতি আজ দুর্নীতি,সহিংসতা,দলাদলি ও নৈতিক পতনের সমার্থক। এই ধারণা শুধু আবেগের ফল নয়; এটি দীর্ঘ অভিজ্ঞতার সঞ্চিত প্রতিক্রিয়া। এর সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো,সমাজের সবচেয়ে শিক্ষিত,দক্ষ ও নৈতিক অংশটি সচেতনভাবেই রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। তারা রাজনীতিকে ‘নোংরা’ মনে করে দূরত্ব বজায় রাখে, যেন রাজনীতি এড়িয়ে চললেই ব্যক্তিগত সততা রক্ষা পাবে।

কিন্তু এই দূরে থাকা কোনো নিরপেক্ষ অবস্থান নয়। এটি এক ধরনের নীরব আত্মসমর্পণ। কারণ রাজনীতি থেকে সরে দাঁড়ালেও রাজনীতির সিদ্ধান্ত, নীতি ও ক্ষমতার প্রভাব থেকে কেউ মুক্ত থাকতে পারে না। যে মানুষটি রাজনীতি অপছন্দ করেন, তিনিও কর দেন, আইন মানেন, রাষ্ট্রীয় সেবার ওপর নির্ভর করেন এবং রাজনৈতিক সিদ্ধান্তের ফল ভোগ করেন। অর্থাৎ তিনি রাজনীতির ভেতরেই বাস করেন, শুধু সিদ্ধান্ত গ্রহণের অধিকারটি অন্যদের হাতে ছেড়ে দেন। এই বাস্তবতা বুঝতে না পারাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি মৌলিক সংকট।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রাজনীতি আসলে কোনো পেশা নয়,এটি একটি নৈতিক দায়িত্ব। এই ধারণাটি নতুন নয়। প্লেটো বহু আগেই সতর্ক করেছিলেন- যদি ভালো মানুষ রাজনীতি না করে, তবে খারাপ মানুষের শাসন মেনে নিতে হয়। বাংলাদেশের বাস্তবতায় এই উক্তি আজ আরও বেশি প্রাসঙ্গিক। যারা নিজেদের ‘অরাজনৈতিক’ বলে দাবি করেন, তারাও ভোট দেন, আইন মানেন এবং রাষ্ট্রের কাঠামোর অংশ হয়ে থাকেন। ফলে প্রশ্নটি কখনোই রাজনীতি করবো কি না-এটি নয়। প্রকৃত প্রশ্ন হলো, আমরা কী ধরনের রাজনীতি মেনে নিচ্ছি এবং ভবিষ্যতে কী ধরনের রাজনীতি গড়ে তুলতে চাই।

এই জায়গা থেকেই নতুন রাজনৈতিক মডেলের প্রয়োজনীয়তা সামনে আসে। এই মডেল রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখে না,বরং দেখে সমস্যা সমাধানের একটি প্রাতিষ্ঠানিক বিজ্ঞান হিসেবে। এখানে রাজনীতি মানে কৌশলী চাল নয়, বরং নৈতিক সিদ্ধান্তের ধারাবাহিক প্রয়োগ। নেতৃত্ব এখানে আধিপত্যের প্রতীক নয়, বরং দায়িত্বের ভার। জনপ্রিয়তা নয়, বরং জবাবদিহিই এখানে ক্ষমতার বৈধতা নির্ধারণ করে। এই দৃষ্টিভঙ্গিতে রাজনীতি আর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের মাধ্যম থাকে না, এটি হয়ে ওঠে নাগরিক জীবনের সম্প্রসারিত দায়িত্ব।

এই মডেল বিশ্বাস করে, রাজনীতির সংস্কার বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। এটি গড়ে ওঠে নাগরিক চেতনার ভেতর থেকে। যখন সাধারণ মানুষ রাজনীতিকে নিজের বিষয় হিসেবে ভাবতে শুরু করে,যখন দক্ষ পেশাজীবীরা নৈতিক দ্বিধা কাটিয়ে অংশগ্রহণে আগ্রহী হন, তখনই রাজনীতির চরিত্র বদলাতে শুরু করে। এখানে পরিবর্তন আসে ধীরে, কিন্তু গভীরে। কারণ এই পরিবর্তন কোনো ব্যক্তি বা দলের ওপর নির্ভরশীল নয়,এটি নির্ভর করে প্রাতিষ্ঠানিক নৈতিকতার ওপর।

বাংলাদেশের জন্য এই পথ কঠিন, কিন্তু অসম্ভব নয়। কারণ অনাস্থার গভীরতার মধ্যেই পরিবর্তনের প্রয়োজনীয়তা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। মানুষ আজ রাজনীতি থেকে দূরে থাকতে চায়, কারণ তারা ভালো রাজনীতি দেখেনি। কিন্তু ভালো রাজনীতি দেখা না যাওয়ার অর্থ এই নয় যে ভালো রাজনীতি অসম্ভব। বরং এর অর্থ হলো—ভালো রাজনীতির কাঠামো এখনো গড়ে ওঠেনি। এই নতুন মডেল সেই শূন্যস্থান পূরণের একটি প্রচেষ্টা।

শেষ পর্যন্ত রাজনীতি তখনই মানবিক হয়ে ওঠে, যখন তা মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত থাকে এবং নৈতিকতার প্রশ্নে আপস না করে। এই প্রবন্ধে আলোচিত মডেল সেই সম্ভাবনারই কাঠামোগত রূপ। এটি আমাদের মনে করিয়ে দেয়-রাজনীতি থেকে পালিয়ে নয়, বরং রাজনীতিকে দায়িত্বশীল নাগরিকত্বের জায়গায় ফিরিয়ে এনেই সত্যিকারের মুক্তি সম্ভব।

লেখক, মহাসচিব, অল ইউরোপিয়ান বাংলাদেশ আসোসিয়েশন (আয়েবা) ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ স্বতন্ত্র প্রার্থী,ঢাকা ১৭ নির্বাচনী এলাকা। ঢাকা- বাংলাদেশ।

এলএনজি সরবরাহ বাড়ায় স্বস্তি, কাটছে গ্যাস সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম
এলএনজি সরবরাহ বাড়ায় স্বস্তি, কাটছে গ্যাস সংকট

বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালীতে কার্গো জাহাজ থেকে ভাসমান টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি খালাস আবার শুরু হয়েছে। এতে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে। পেট্রোবাংলা জানিয়েছে, খালাস কার্যক্রম স্বাভাবিক থাকলে শিগগিরই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশখালীতে এলএনজি খালাসের কাজ পুনরায় চালু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সরবরাহে এর প্রভাব দেখা যায়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সকাল ১০টা নাগাদ এলএনজি থেকে প্রায় ৭৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। একই সময়ে দেশীয় উৎস থেকে পাওয়া যায় প্রায় ১৬০ কোটি ঘনফুট গ্যাস। সব মিলিয়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট সরবরাহ দাঁড়ায় প্রায় ২৩৪ কোটি ঘনফুট।

এর আগে বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে হঠাৎ বড় ধরনের ঘাটতি তৈরি হয়। ইন্দোনেশিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের একটি কার্গো জাহাজ বৃহস্পতিবার মহেশখালীতে পৌঁছালেও উত্তাল সাগরের কারণে সেটি থেকে সামিটের ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর করা সম্ভব হয়নি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ফলে একটি টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করতে হচ্ছিল। একপর্যায়ে এলএনজি সরবরাহ নেমে আসে প্রায় ৫৯ কোটি ঘনফুটে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়।

চাহিদার তুলনায় এখনো ঘাটতি

পেট্রোবাংলার হিসাবে, দেশে প্রতিদিন প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সাম্প্রতিক সময়ে জাতীয় সঞ্চালন লাইনে ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সেই সরবরাহ কমে প্রায় ২২০ কোটি ঘনফুটে নেমে যায়।

দেশের মোট গ্যাস ব্যবহারের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আমদানিকৃত এলএনজি থেকে আসে। মহেশখালীর সমুদ্র এলাকায় থাকা দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজিকে গ্যাসে রূপান্তর করে জাতীয় পাইপলাইনে পাঠানো হয়। এর একটি পরিচালনা করে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি, অন্যটি সামিট গ্রুপের।

দুটি টার্মিনালের সম্মিলিত দৈনিক সর্বোচ্চ সরবরাহ সক্ষমতা প্রায় ১০৫ কোটি ঘনফুট। কিন্তু আবহাওয়া খারাপ হলে কার্গো থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তর বন্ধ হয়ে যাওয়ায় পুরো ব্যবস্থায় দ্রুত প্রভাব পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে একটি টার্মিনালে মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে সরবরাহও বন্ধ হয়ে যায়। নতুন কার্গো মহেশখালীতে পৌঁছে গেলেও সাগরের পরিস্থিতির কারণে সেটি থেকে এলএনজি খালাস করা সম্ভব হচ্ছিল না। ফলে দুটি টার্মিনাল মিলিয়ে যে পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যাওয়ার কথা, তার তুলনায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

শুক্রবার সকালে আবহাওয়ার উন্নতি হলে আবার কার্গো থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়। এরপর ধীরে ধীরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহও বাড়তে থাকে।

এর আগে জুলাইয়ে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পরও দেশে বড় ধরনের গ্যাস সংকট তৈরি হয়েছিল। প্রায় এক মাস পর আগস্টে টার্মিনালটি পুনরায় চালু হয়। এরপর এলএনজি আমদানি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ পরিস্থিতিও কিছুটা উন্নত হচ্ছিল।

এর মধ্যেই বৈরী আবহাওয়ার কারণে নতুন করে এলএনজি খালাস বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে আবার চাপ তৈরি হয়। শুক্রবার সকালে খালাস পুনরায় শুরু হওয়ায় সেই পরিস্থিতি আপাতত কাটতে শুরু করেছে। তবে দেশের মোট চাহিদার তুলনায় সরবরাহ এখনো কম থাকায় গ্যাসের ঘাটতি পুরোপুরি দূর হয়েছে কি না, তা নির্ভর করবে আমদানি ও এলএনজি খালাস নিয়মিতভাবে চালু থাকার ওপর।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চড়া হয়েছে সবজির দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চড়া হয়েছে সবজির দাম

জ্বালানি তেলের দাম বাড়ার কয়েক দিনের মধ্যেই রাজধানীর খুচরা বাজারে বেশ কিছু সবজির দাম আবারও বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে বেগুন, করলা, পটল, ঢ্যাঁড়শ, ঝিঙা ও ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কাঁচামরিচ ও টমেটোর দামও ঊর্ধ্বমুখী।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারভেদে লম্বা বেগুন ১০০ থেকে ১২০ টাকা এবং কোথাও কোথাও ১৪০ থেকে ১৬০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই ধরনের বেগুন ৯০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল।

করলা এখন মানভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে উঠেছে। ঝিঙা ও ধুন্দলের ক্ষেত্রেও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে। কাঁচা পেপের দাম অবশ্য আগের মতোই প্রায় ৩০ টাকা কেজি রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাজারে সবজির পাশাপাশি মাছের দামেও কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। আকারভেদে রুই মাছ ৪০০ থেকে ৬০০ টাকা এবং পাঙ্গাস ২২০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে সব পণ্যের দাম বাড়েনি। ফার্মের ডিম, ব্রয়লার ও অন্যান্য মুরগির দাম মোটামুটি আগের অবস্থাতেই রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি প্রায় ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম সামান্য বাড়লেও বাজারে তা ১৫০ থেকে ১৬০ টাকা ডজনের মধ্যে রয়েছে। চালের দামেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় কোনো প্রভাব এখনো দেখা যায়নি।

পরিবহন খরচের প্রভাব, নাকি বাড়তি মুনাফা?

ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে পণ্যের দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। যশোর থেকে রাজধানীর কারওয়ান বাজারে সবজি পরিবহনের উদাহরণ দিয়ে এক ব্যবসায়ী জানান, আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া প্রায় ১৮ হাজার টাকা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর তা বেড়ে ২১ হাজার টাকার কাছাকাছি হয়েছে। এতে বেগুনসহ অন্যান্য সবজির পরিবহন ব্যয়ও বেড়েছে।

গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দর কার্যকর হয় ২১ সেপ্টেম্বর থেকে। এর আগে চলতি বছর এপ্রিল ও জুনেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।

ব্যবসায়ীদের যুক্তি, জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। ফলে উৎপাদন এলাকা থেকে রাজধানীর পাইকারি বাজার পর্যন্ত পণ্য আনতে বাড়তি ব্যয় হচ্ছে। সেই ব্যয়ের একটি অংশ খুচরা মূল্যের সঙ্গে যুক্ত হচ্ছে।

তবে ক্রেতাদের অভিযোগ, পরিবহন ব্যয় যতটা বেড়েছে, তার তুলনায় অনেক পণ্যের দাম খুচরা বাজারে বেশি হারে বাড়ানো হচ্ছে। তাদের মতে, জ্বালানির দাম বাড়ার প্রভাব থাকলেও একবারে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানোর যৌক্তিকতা সব ক্ষেত্রে নেই। বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন বলেও মনে করছেন তারা।

এদিকে দুধ, আটা ও ময়দার দামেও সাম্প্রতিক সময়ে বাড়তি চাপ তৈরি হয়েছে। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও একই পরিমাণ দাম বাড়িয়েছিল। পাশাপাশি দুই সপ্তাহ আগে সরবরাহকারী কয়েকটি বড় প্রতিষ্ঠানের মাধ্যমে আটা ও ময়দার দামও বাড়ানো হয়েছে।

অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়েছে। প্রতি লিটারে প্রায় চার টাকা বাড়ার পর দুই লিটারের একটি বোতল এখন ৪০৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে জ্বালানি তেলের নতুন দরের প্রভাব নিত্যপণ্যের বাজারে কতটা স্থায়ী হয়, সেটিই এখন দেখার বিষয়। ব্যবসায়ীরা পরিবহন ব্যয়কে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বললেও ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত নজরদারি না থাকলে জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগে খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে দাম বাড়ার আশঙ্কা থেকেই যায়।

মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক শোষণ ঠেকাতে নতুন নিয়োগব্যবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক শোষণ ঠেকাতে নতুন নিয়োগব্যবস্থা

অভিবাসী শ্রমিক নিয়োগে শোষণ ও অনিয়ম ঠেকাতে নতুন একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও নেপাল। এ ব্যবস্থায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করার পাশাপাশি শ্রমিকদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপানো এবং অসাধু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে গুরুত্ব দেওয়া হবে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান এ তথ্য জানিয়েছেন। নেপালের যুব, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রামজি যাদবের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য হয়। আলোচনায় শ্রম ও কর্মসংস্থান খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ও উঠে আসে।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে রামানান বলেন, মালয়েশিয়া ও নেপাল উভয় দেশই অভিবাসী শ্রমিক নিয়োগে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। একই সঙ্গে এমন সব চর্চা বন্ধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো শ্রমিকদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপায় কিংবা তাদের শোষণ ও প্রতারণার ঝুঁকিতে ফেলে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় মালয়েশিয়া সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও শ্রমিক সুরক্ষার নীতিতে অটল থাকবে। একই সঙ্গে দেশের শিল্প ও শ্রমবাজারের প্রকৃত চাহিদাকেও গুরুত্ব দেওয়া হবে।

রামানানের ভাষায়, নীতিটি পরিষ্কার ব্যবস্থাকে অবশ্যই শ্রমিকদের সুরক্ষা দিতে হবে, নিয়োগকর্তাদের জন্য প্রক্রিয়া সহজ করতে হবে এবং একই সঙ্গে শোষণ ও নির্যাতনের কোনো সুযোগ রাখা যাবে না।
তিনি বলেন, ১৯৬০ সাল থেকে মালয়েশিয়া ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশ শ্রম ও কর্মসংস্থান বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে যথাযথ দ্বিপক্ষীয় যোগাযোগ ও আলোচনার ধারা অব্যাহত রাখবে।

এদিকে গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।
রামানান বলেন, ওই দুর্যোগের পর এখনো ৫৫ জন মালয়েশীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে মাদানি সরকার গুরুত্বের সঙ্গে নজর রাখছে এবং তাদের ভাগ্য সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও সংশ্লিষ্ট দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। নেপাল ও চীন মিলিয়ে এখনো ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক