সৌদি প্রবাসীদের জন্য সুখবর
২০ হাজার টাকায় মিলবে দেশে যাতায়াতের বিমান টিকেট
২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি আরব প্রবাসীরা
সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তাঁরা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও বড় ধরনের লাভের মুখ দেখবে। বিশেষ করে হজ ফ্লাইটের ক্ষেত্রে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে লোকসানি চর্চা ছিল, এই উদ্যোগের ফলে সেটিকে আয়ের উৎসে রূপান্তর করা সম্ভব হবে। এতে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি আয় করার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভাড়া ও সময়সীমা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। আর মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। এই পদক্ষেপের জন্য তিনি বিমান পর্যটন উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তবে অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করে বলেন, সঠিক তদারকির অভাবে যেন এই মহতী উদ্যোগ মুখ থুবড়ে না পড়ে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।













