আজ পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ শনিবার (৩ জানুয়ারি)। সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফসি)-তে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে মাসব্যাপী এই বাণিজ্য আয়োজন।
প্রতিবারের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। দেশি-বিদেশি পণ্যের প্রদর্শনী, বিপণন ও বাণিজ্য সম্প্রসারণে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়নের স্পেস অনলাইনে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য অন-স্পট টিকিটের পাশাপাশি চালু থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। অনলাইনে টিকিট কেটে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
ক্রেতা ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে এবার বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু করা হয়েছে। পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ রাইড শেয়ারিং সার্ভিস যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
উল্লেখ্য, মেলাটি চলতি বছরের ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে আজ ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও উৎপাদনে সহায়তার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২২ সাল থেকে মহামারির বিধিনিষেধের মধ্যেই প্রথমবারের মতো মেলাটি পূর্বাচলে বিসিএফসি প্রাঙ্গণে আয়োজন শুরু হয়।
আয়োজকদের আশা, এবারের মেলায় দেশীয় শিল্পপণ্য ও রপ্তানিমুখী পণ্যের ব্যাপক প্রদর্শনীর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।













