সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘গণভোট ও নির্বাচন একসঙ্গে’ -সরকারের সিদ্ধান্ত: বিএনপির ধন্যবাদ, জামায়াতের নিন্দা

▪️ বিএনপি যেখানে নির্বাচনের পথে, জামায়াত সেখানে গণভোটের আগে ভোটের বিপক্ষে।

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ পিএম
‘গণভোট ও নির্বাচন একসঙ্গে’ -সরকারের সিদ্ধান্ত: বিএনপির ধন্যবাদ, জামায়াতের নিন্দা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সরকারি ঘোষণাকে কেন্দ্র করে দেশের দুই প্রধান রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী—পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণায় বিএনপি ধন্যবাদ জানিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে জামায়াত ও সমমনা আট দল এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে গণভোটকে নির্বাচনের আগে সম্পন্ন করার দাবি তুলেছে।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন এবং একই দিনে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। বিএনপি মনে করে, জুলাই জাতীয় সনদে উল্লিখিত সংস্কার ও ঐক্যের রূপরেখা জনগণের অনুমোদন পেলে তা ভবিষ্যতের সরকারের নীতিনির্ধারণে দিকনির্দেশনা দেবে।

স্থায়ী কমিটির সভায় খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা আট দলের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ জারির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেও নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য। তাঁর মতে, জনগণের রায় যাচাই না করেই নির্বাচনে যাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

সৈয়দ তাহের বলেন, প্রধান উপদেষ্টা গণভোট ও নির্বাচন একসঙ্গে করার পক্ষে দুটি “ঠুনকো যুক্তি” দিয়েছেন—একটি খরচ বাঁচানোর, অন্যটি প্রশাসনিক সুবিধার। কিন্তু জাতির ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্নে খরচের অজুহাত গ্রহণযোগ্য নয়। বাজেট জনগণের কল্যাণে হয়, সেখানে গণভোটের খরচ জাতির স্বার্থের তুলনায় তুচ্ছ। তিনি অভিযোগ করেন, গণভোট ও নির্বাচন একসঙ্গে হলে জনগণের রায় অস্পষ্ট হয়ে যাবে এবং গণভোটে জনগণ যা ‘হ্যাঁ’ বলবে, তা বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা তৈরি হবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, সমমনা দলগুলো বরাবরই বলে আসছে—জুলাই সনদের কোন অংশ জনগণ গ্রহণ করেছে আর কোনটি করেনি, সেটি আগে নির্ধারণ করা জরুরি। জনগণের রায় পাওয়ার পরই নির্বাচন হওয়া উচিত। জনগণ যদি সনদের কিছুই গ্রহণ না করে, তাহলে আগের সংবিধান অনুযায়ী নির্বাচন করা হোক।

তিনি জানান, আট দলের পক্ষ থেকে শুক্রবার বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। একই সঙ্গে নির্বাচনের আগে গণভোটের দাবিতে ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর বিএনপি ও জামায়াতের এই বিপরীত প্রতিক্রিয়া বিরোধী রাজনীতিতে নতুন বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক মাসে বিএনপি ও জামায়াত সমমনা জোটের অংশ হয়ে সরকারবিরোধী আন্দোলনে একযোগে অবস্থান নিলেও নির্বাচন ও গণভোট ইস্যুতে দুই দলের কৌশলগত ভিন্নতা এখন স্পষ্ট। বিএনপি যেখানে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, জামায়াত সেখানে গণভোট আগে করার দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়ায় সময়ক্ষেপণ চায়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান বিরোধী জোটের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক (অব.) ড. মাহবুব হোসেন মনে করেন, বিএনপি এখন নির্বাচনের মাধ্যমে বৈধতা অর্জনের পথে এগোচ্ছে, আর জামায়াত গণভোটের মাধ্যমে রাজনৈতিক ভিত্তি মজবুত করতে চায়। এটি কৌশলগত পার্থক্য হলেও তার রাজনৈতিক পরিণতি বড় হতে পারে।

একই ঘোষণায় দুই প্রধান বিরোধী দলের বিপরীত প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের এই উদ্যোগ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্য না বিভক্তি—কোনটি বাড়াবে, তা এখন সময়ই নির্ধারণ করবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক