সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার দুই শুটার ও ব্যবহৃত অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

▪️মামুন হত্যায় জড়িতরা মোহাম্মদপুর ও হাজারীবাগের পেশাদার সন্ত্রাসী, যারা একসময় ‘ইমন-মামুন বাহিনী’র সদস্য ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:৪১ এম
ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার দুই শুটার ও ব্যবহৃত অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন ‘শুটার’ রয়েছেন, যাঁরা সরাসরি মামুনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানী ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার দিনভর এই পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রুবেল ও ইব্রাহিম নামে দুই ভাড়াটে শুটার ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সূত্রাপুরে সংঘটিত মামুন হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। আদালতে হাজিরা শেষে বেরিয়ে আসার সময় তাঁকে লক্ষ্য করে দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়া হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৫২ মিনিটে মামুন গলি থেকে মূল সড়কের দিকে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই তাঁকে দৌড়ে ফিরতে দেখা যায়, পেছনে দুজন বন্দুকধারী তাঁর দিকে গুলি ছুড়ছেন। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

ঘটনার পর তাঁকে প্রথমে পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসকেরা জানান, মামুনের শরীরে মাথা, বুক, পিঠ ও হাত মিলিয়ে সাতটি গুলির চিহ্ন ছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মামুন হত্যায় মোহাম্মদপুর, হাজারীবাগ ও পুরান ঢাকার কয়েকজন পেশাদার সন্ত্রাসী জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে ভাড়ায় খুন, চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধে সক্রিয়। এর মধ্যে কয়েকজন আলোচিত সন্ত্রাসী ‘পিচ্চি হেলাল’-এর অনুসারী বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার দীপা দাবি করেন, তাঁর স্বামীকে হত্যা করেছে আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোকজন। তিনি বলেন, “ইমনের লোকজন আগেও মামুনের ওপর হামলা করেছিল, এবার তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।”

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত মামুন ও সানজিদুল ইসলাম ইমন একসময় একই অপরাধচক্রের সদস্য ছিলেন। ‘ইমন-মামুন বাহিনী’ নামে পরিচিত এই গ্রুপ রাজধানীর হাজারীবাগ, তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রম চালাত। তারা চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামিও ছিলেন।

এর আগেও মামুনের ওপর একাধিকবার হামলা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে তেজগাঁওয়ে এক হামলায় তিনি অল্পের জন্য বেঁচে যান, যেখানে এক আইনজীবী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহতের পরিবার জানায়, মামুন দুই দিন আগে আফতাবনগরের বাসা থেকে আদালতে হাজিরা দিতে বেরিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর পান তাঁরা।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে ঘটনার পূর্ণ বিবরণ পাওয়া যাবে বলে আশা করছে গোয়েন্দা বিভাগ।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক