মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়

প্রবাহ বাংলা স্পোর্টস, প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:৫৬ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়

টানা চার সিরিজ হারের পর, অবশেষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় দ্বিতীয় ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় বাংলাদেশের।

সিরিজের প্রথমে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ সুপার ওভারে জিতে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল মেহেদি হাসান মিরাজের দল। দীর্ঘ ১৯ মাস আগে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তানের কাছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার কাছে একবার করে সিরিজ হারে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পাওয়ার প্লেতে ৭৪ রান যোগ করেন তারা। ১৬তম ওভারে দলের রান ১ শ’তে নেন সাইফ-সৌম্য। এরমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম হাফ-সেঞ্চুরির দেখা পান সৌম্য। কিছুক্ষণ পর ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে ম্যাচে সাইফ পান প্রথম হাফ-সেঞ্চুরির দেখা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সাইফ-সৌম্যর জোড়া হাফ-সেঞ্চুরিতে ২২তম ওভারে দলীয় রান দেড়শ স্পর্শ করে বাংলাদেশ। ২৬তম ওভারে দলীয় ১৭৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার রোস্টন চেজ। ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রেভসকে ক্যাচ দেন সাইফ। ৬টি করে চার-ছক্কায় ৭২ বলে ৮০ রান করেন তিনি। ব্যক্তিগত ২৮ রানে লেগ বিফোর আউট হলেও, রিভিউ নিয়ে বেঁচে যান সাইফ।উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৬ রানের জুটি গড়েছেন সাইফ ও সৌম্য। ২৯তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন সৌম্য। স্পিনার আকিল হোসেনের বলে আকিম আগস্তেকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৭ চার ও ৪ ছক্কায় ৮৬ বলে ৯১ রান করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সৌম্য।

১৮১ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৭০ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। ২ চারে ২৮ রান করে থামেন হৃদয়। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে বিদায় নেন শান্ত। ৩২ ও ৪১ রানে ক্যাচ দিয়ে দু’বার জীবন পাওয়া শান্তর ৫৫ বলের ইনিংসে ৩টি ছক্কা মারেন। হৃদয় ও শান্ত উভয়েই শিকার হন স্পিনার অ্যালিক আথানাজের।
দলীয় ২৫২ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর ৪৬তম ওভারেই তিন উইকেট হারায় বাংলাদেশ। মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনকে ৬, রিশাদ হোসেনকে ৩ ও নাসুম আহমেদকে ১ রানে শিকার করেন স্পিনার আকিল হোসেন। এতে ২৬১ রানে সপ্তম উইকেট হারিয়ে দলীয় ৩শ রানের কোটা স্পর্শ অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

অষ্টম উইকেটে শেষ ২৪ বলে ৩৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও অধিনায়ক মিরাজ। ৩শ রান না হলেও ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে বাংলাদেশ। ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন সোহান। ১টি বাউন্ডারিতে ১৭ বলে ১৭ রান করে ইনিংসের শেষ বলে আউট হন মিরাজ।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আকিল ৪১ রানে ৪টি ও আথানাজে ৩৭ রানে ২ উইকেট নেন। ২৯৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশের তিন স্পিনার নাসুম আহমেদ, সিরিজ সেরা নির্বাচিত হওয়া রিশাদ হোসেন ও তানভীর ইসলামের ঘূর্ণিতে পড়ে ৮২ রানেই ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ টপঅর্ডারে অ্যালিক আথানাজেকে ১৫, ব্রান্ডন কিংকে ১৮ এবং আকিম আগস্তেকে খালি হাতে বিদায় করেন নাসুম। মিডল অর্ডারে দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আরও চাপে ফেলেন তানভীর। কেসি কার্টি ১৫ ও অধিনায়ক শাই হোপ ৪ রান করে তানভীরের শিকার হলে ৬৩ রানে ৫ উইকেটে পরিণত হয় ক্যারিবীয়রা।

এরপর তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারের মুখে ছিটকে দেন রিশাদ হোসেন। ৮২ রানে অষ্টম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে সফরকারীরা। এমন অবস্থায় নিজেদের ওয়ানডেতে রেকর্ড জয়ের স্বপ্নও দেখতে শুরু করে। কিন্তু শেষদিকে আকিল হোসেনের ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ১শ পার করে ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড জয়ের সুযোগও হাতছাড়া হয় বাংলাদেশের।

২৯ ও ৩১তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের শেষ ২ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক মিরাজ। ৩০ দশমিক ১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন কিং। বাংলাদেশের নাসুম ও রিশাদ ৩টি করে এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট নেন। ওয়ানডে শেষে আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ অক্টোবর।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৯৬/৮, ৫০ ওভার (সৌম্য ৯১, সাইফ ৮০, আকিল ৪/৪১)।
ওয়েস্ট ইন্ডিজ : ১১৭/১০, ৩০.১ ওভার (আকিল ২৭, কিং ১৮, নাসুম ৩/১১)। ফল : বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক