সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

অগ্নিকাণ্ড: আমাদের অব্যবস্থাপনার জ্বলন্ত প্রতিচ্ছবি

প্রবাহ বাংলা সম্পাদকীয় প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:০৯ পিএম
অগ্নিকাণ্ড: আমাদের অব্যবস্থাপনার জ্বলন্ত প্রতিচ্ছবি

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু আমাদের আবারও এক করুণ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। একটি পোশাক কারখানা ও পাশের কেমিক্যাল গুদামে লেগে যাওয়া আগুন মুহূর্তের মধ্যে সবকিছু গ্রাস করে নেয়। উদ্ধারকর্মীরা যখন একের পর এক মরদেহ বের করছেন, তখন পুরো এলাকা জুড়ে ছিল পোড়া কাপড়, রাসায়নিকের গন্ধ আর অসহায় মানুষের আর্তনাদ। এটি নিছক একটি দুর্ঘটনা নয়—বরং এটি আমাদের অব্যবস্থাপনা, অবহেলা ও দায়হীনতার জ্বলন্ত প্রতিচ্ছবি।

বাংলাদেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগে। কখনও পুরান ঢাকার রাসায়নিক গুদামে, কখনও বস্তির ঝুপড়িতে, আবার কখনও বহুতল ভবনের অফিস বা পোশাক কারখানায়। প্রতিবারই প্রাণহানি ঘটে, কোটি টাকার ক্ষতি হয়, তদন্ত কমিটি গঠিত হয়—কিন্তু ফলাফল থাকে একই জায়গায়। কারণ, আমরা আগুন নেভাতে শিখেছি, কিন্তু আগুন লাগা রোধে শিখিনি।

মিরপুরের ঘটনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে, কেমিক্যাল গুদামটি অনুমোদনবিহীন ছিল। দাহ্য পদার্থে ভরা এমন একটি স্থাপনা জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে গড়ে উঠল, তা প্রশাসনের নজর এড়িয়ে গেল কীভাবে—এই প্রশ্নের উত্তর কেউ দিতে চায় না। অগ্নি নিরাপত্তা মানদণ্ড না মানা, ফায়ার সেফটি সিস্টেম না থাকা, জরুরি বহির্গমন পথ বন্ধ থাকা—এসব যেন এখন আমাদের শহুরে বাস্তবতা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ঢাকা শহরের অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী, রাজধানীর প্রায় ৭৫ শতাংশ ভবন অগ্নিনিরাপত্তা মানে উত্তীর্ণ নয়। অথচ এসব ভবনে প্রতিদিন হাজারো মানুষ কাজ করেন, ব্যবসা করেন, জীবন নির্বাহ করেন। একটি স্ফুলিঙ্গই মুহূর্তে শত প্রাণ কেড়ে নিতে পারে—এটি সবাই জানে, তবুও কেউ কিছু করে না।

অগ্নিকাণ্ডের পর প্রতিবারই শোনা যায় একই প্রতিশ্রুতি—“তদন্ত চলছে”, “দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”, “নিরাপত্তা জোরদার করা হবে”। কিন্তু তদন্তের ফলাফল খুব কমই প্রকাশিত হয়, দায়ীদের জবাবদিহিও দেখা যায় না। এভাবেই একের পর এক ট্র্যাজেডি কেবল সংখ্যা বাড়ায়, শিক্ষা দেয় না।

এখন সময় এসেছে কথার নয়, কার্যকর পদক্ষেপের।
প্রথমত, জনবসতিপূর্ণ এলাকা থেকে সব কেমিক্যাল গুদাম অবিলম্বে সরিয়ে নেওয়া দরকার।
দ্বিতীয়ত, অগ্নি নিরাপত্তা সনদ ছাড়া কোনো ভবন বা কারখানা চালু রাখার অনুমতি দেওয়া যাবে না।
তৃতীয়ত, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে হবে এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল গঠন করা জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইনের প্রয়োগে কঠোরতা নিশ্চিত করতে হবে।

মিরপুরের অগ্নিকাণ্ড আমাদের জন্য আরেকটি সতর্কবার্তা। যদি এখনো আমরা না শিখি, না জাগি, তাহলে এমন ট্র্যাজেডি বারবার ঘটবে, আরও মানুষ হারাবে প্রাণ, আর আমরা শুধু সংখ্যা গুনব। আগুনের শিখায় নয়—এবার দায়বদ্ধতার আলোয় আলোকিত হোক বাংলাদেশ।

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ততম এই এলাকায় বাসে আগুন লাগার সাথে সাথে আশপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক