পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না। দেশে ফেরার বিষয়ে তাঁর সামনে একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে আনা হলে বিমানযাত্রায় হাতকড়া পরানো কিংবা কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হবে। এর বাইরে দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির উল্লেখ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছে। তাঁর উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো জটিলতা নেই। সাধারণ নাগরিক বা যাত্রীর যাতায়াত এক বিষয়, আর অভিযুক্ত বা অপরাধীদের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা ফৌজদারি আইনের আওতায় পড়েন এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত দিতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দেশত্যাগী অন্য অভিযুক্তদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
শেষে তিনি আবারও বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই; প্রত্যর্পণ চুক্তি ছাড়া তাঁর ফেরার অন্য কোনো পথ খোলা নেই।












