বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১; নদীতে নিখোঁজ ১

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম
বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১; নদীতে নিখোঁজ ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে মাঝনদীতে আলমগীর দেওয়ান নামে আরও একজন নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে সেলিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে নিখোঁজ ব্যক্তির বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মাঝনদীতে আলমগীর দেওয়ান নামে একজন নিখোঁজ হন। তাঁর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

 

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ছয়তলা ওই ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের একটি গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না। দেশে ফেরার বিষয়ে তাঁর সামনে একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে আনা হলে বিমানযাত্রায় হাতকড়া পরানো কিংবা কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হবে। এর বাইরে দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির উল্লেখ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছে। তাঁর উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো জটিলতা নেই। সাধারণ নাগরিক বা যাত্রীর যাতায়াত এক বিষয়, আর অভিযুক্ত বা অপরাধীদের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা ফৌজদারি আইনের আওতায় পড়েন এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত দিতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দেশত্যাগী অন্য অভিযুক্তদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

শেষে তিনি আবারও বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই; প্রত্যর্পণ চুক্তি ছাড়া তাঁর ফেরার অন্য কোনো পথ খোলা নেই।

 

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ২৬৫ শিশু।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে এক শিশু।

একই সময়ে নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক