বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণকে পৃথক বিষয় বলল ভারত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০৭ এম
শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণকে পৃথক বিষয় বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের মতো ভ্রমণসংক্রান্ত নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ভারত তাঁকে ফেরত পাঠাতে পারে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

জয়সওয়াল বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’

তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ওই দিন ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে তাঁর ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের পরপরই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। অন্য দণ্ডিত পলাতক আসামির ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাঁর ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে রাজি আছেন বলেও জানিয়েছেন তিনি।

 

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ছয়তলা ওই ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের একটি গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না। দেশে ফেরার বিষয়ে তাঁর সামনে একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে আনা হলে বিমানযাত্রায় হাতকড়া পরানো কিংবা কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হবে। এর বাইরে দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির উল্লেখ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছে। তাঁর উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো জটিলতা নেই। সাধারণ নাগরিক বা যাত্রীর যাতায়াত এক বিষয়, আর অভিযুক্ত বা অপরাধীদের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা ফৌজদারি আইনের আওতায় পড়েন এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত দিতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দেশত্যাগী অন্য অভিযুক্তদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

শেষে তিনি আবারও বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই; প্রত্যর্পণ চুক্তি ছাড়া তাঁর ফেরার অন্য কোনো পথ খোলা নেই।

 

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ২৬৫ শিশু।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে এক শিশু।

একই সময়ে নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক