রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ছয়তলা ওই ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের একটি গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।