বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় গবেষণা ও শিক্ষার ওপর গুরুত্ব

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম
থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় গবেষণা ও শিক্ষার ওপর গুরুত্ব

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রবর্তিত সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং গবেষণা ও শিক্ষার মাধ্যমে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডে শুরু হয়েছে ১৩তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা একাডেমিক সম্মেলন-২০২৬। দুই দিনব্যাপী এ সম্মেলন বুধবার (২৫ নভেম্বর) শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

গবেষণা ও শিক্ষার মাধ্যমে শান্তির সংস্কৃতি গড়ে তোলা প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের যৌথ আয়োজক ইউনূস সেন্টার এবং থাইল্যান্ডের ইউনূস সেন্টার এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, গবেষক, সামাজিক ব্যবসার উদ্যোক্তা, পেশাজীবী ও সমাজকর্মীরা এতে অংশ নিয়েছেন।

সম্মেলনের মূল লক্ষ্য হলো সামাজিক ব্যবসার ধারণা, গবেষণা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে বৈশ্বিক সামাজিক সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করা। আয়োজকদের মতে, সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসায়িক মডেল, যেখানে ব্যক্তিগত মুনাফা বা লভ্যাংশ অর্জনের পরিবর্তে মানুষের সমস্যা সমাধান এবং সামাজিক কল্যাণকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এ ধারণার মূল প্রবক্তা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিশ্বজুড়ে অর্থনৈতিক বৈষম্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, কর্মসংস্থানের সংকট, সামাজিক সংঘাত ও বাস্তুচ্যুতির মতো চ্যালেঞ্জ বাড়তে থাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠার বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের ভাষ্য, শান্তি মানে শুধু সংঘাত বা যুদ্ধের অনুপস্থিতি নয়; বরং আর্থসামাজিক ন্যায়বিচার, সমান সুযোগ, অর্থনৈতিক নিরাপত্তা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করাও শান্তির অপরিহার্য অংশ।

সম্মেলনে সামাজিক ব্যবসার মাধ্যমে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের লক্ষ্য বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে। এ লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, দারিদ্র্য দূর করতে সম্পদের কেন্দ্রীভবন শূন্যে নামানো এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব শূন্যে নামিয়ে আনা।

সম্মেলনে নয়টি বিষয়ে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও খেলাধুলা, শিক্ষা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিপণন ও উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সম্পদের কেন্দ্রীভবন, শান্তি ও ন্যায়বিচার এবং খাদ্যনিরাপত্তা।

এসব বিষয়ে সামাজিক উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ক্ষুদ্রঋণ ও সামাজিক অর্থায়ন, পরিবেশ সুরক্ষা, বৈষম্য হ্রাস, সংঘাত নিরসন এবং টেকসই কৃষি ও খাদ্য সরবরাহব্যবস্থা নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

সম্মেলনের বৈজ্ঞানিক কমিটিতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকেরা রয়েছেন। তাঁদের মধ্যে সম্মানসূচক সভাপতি, সহসভাপতি, বিষয়ভিত্তিক অধিবেশনপ্রধান এবং কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনে উপস্থাপিত গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণা সামাজিক ব্যবসার প্রসার এবং বৈশ্বিক শান্তি ও মানবিক নিরাপত্তা প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দেবে। একই সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্যোক্তা উন্নয়নের সমন্বয়ে সামাজিক সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পথ আরও সুগম হবে।

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ছয়তলা ওই ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের একটি গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না। দেশে ফেরার বিষয়ে তাঁর সামনে একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে আনা হলে বিমানযাত্রায় হাতকড়া পরানো কিংবা কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হবে। এর বাইরে দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির উল্লেখ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছে। তাঁর উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো জটিলতা নেই। সাধারণ নাগরিক বা যাত্রীর যাতায়াত এক বিষয়, আর অভিযুক্ত বা অপরাধীদের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা ফৌজদারি আইনের আওতায় পড়েন এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত দিতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দেশত্যাগী অন্য অভিযুক্তদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

শেষে তিনি আবারও বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই; প্রত্যর্পণ চুক্তি ছাড়া তাঁর ফেরার অন্য কোনো পথ খোলা নেই।

 

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ২৬৫ শিশু।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে এক শিশু।

একই সময়ে নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক