বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়
এক চার্জে ৪০০ কিলোমিটার উড়বে চীনের বৈদ্যুতিক বিমান
চীনে তৈরি ১৯ আসনের একটি বৈদ্যুতিক বিমান চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়নের পর এবার প্রথমবারের মতো দুই পাইলট ও পরীক্ষক নিয়ে সফলভাবে আকাশে উড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের বিনঝৌ শহরে ১০ টন ওজনের বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। নির্মাতা দলের দাবি, পুরো পরীক্ষায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। বিমানের সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিমানটির চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছিল। সিই-২৫এ নামের বিমানটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। এটি প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান।
মূলত কাছাকাছি শহরগুলোর মধ্যে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বিমানটি তৈরি করা হয়েছে। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী চলাচল করতে পারবেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম বিমানটি একবার চার্জ দিলে ৪০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে।
বিমানটির ডানার ওপর স্থাপন করা বিশেষ বৈদ্যুতিক পাখা বা ফ্যানের সাহায্যে এটি চলবে। এর নকশা ও প্রযুক্তি উন্নয়নে কম্যাকের সঙ্গে কাজ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান।
এ পর্যন্ত বিমানটির ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। এবার পাইলটসহ উড্ডয়নেও সফলতা পেল এটি।
বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পেতে নির্মাতারা প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করেছেন। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আবেদনটি গ্রহণ করেছে। তবে বাণিজ্যিক চলাচল শুরুর আগে বিমানটিকে আরও কয়েকটি পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে।
বৈদ্যুতিক শক্তিচালিত এই বিমান সফল হলে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। প্রচলিত জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করায় বিমান চলাচলে জ্বালানির ব্যবহার কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।













