শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম
ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বিন্যান্সে এক ভয়াবহ সাইবার হামলায় প্রায় ৬৩০ কোটি ডলার মূল্যের ডিজিটাল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিন্যান্স বিষয়টি নিশ্চিত করে জানায়, চুরি যাওয়া সম্পদের প্রায় অর্ধেক ইতিমধ্যে জব্দ করা সম্ভব হলেও বড় একটি অংশ এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। তবে গ্রাহকদের সব ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিন্যান্সের এক প্রকৌশলীর ল্যাপটপ সাইবার হামলার শিকার হওয়ার পর সেটিকে ব্যবহার করেই হামলাকারীরা অনুমতি ছাড়া বিশাল পরিমাণের অর্থ সরিয়ে নিতে সক্ষম হয়।

ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইনঅ্যানালাইসিস এই নজিরবিহীন হামলার জন্য উত্তর কোরিয়ার আলোচিত সাইবার হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’-কে দায়ী করেছে। গবেষকদের মতে, এই হামলার কৌশল ও বৈশিষ্ট্যের সঙ্গে ২০২৫ সালে বাইবিট এক্সচেঞ্জে হওয়া ১৫০ কোটি ডলার হ্যাকিংয়ের ঘটনার স্পষ্ট মিল রয়েছে। টিআরএম ল্যাবসের বৈশ্বিক নীতিবিষয়ক প্রধান অ্যারি রেডবোর্ড মন্তব্য করেন, এটি ক্রিপ্টো শিল্পের জন্য একটি অভূতপূর্ব ও সংকটময় মুহূর্ত। বিন্যান্স সরাসরি উত্তর কোরিয়ার নাম উচ্চারণ না করলেও হ্যাকারদের পরিচয় শনাক্ত করতে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে বলে নিশ্চিত করেছে। এ ছাড়া মূল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বিন্যান্স ডটকম আক্রান্ত হলেও তাদের মার্কিন শাখা বিন্যান্স ইউএস অক্ষত রয়েছে।

সাইবার হামলার পরপরই নিরাপত্তা বজায় রাখতে অর্থ উত্তোলন সাময়িকভাবে স্থগিত রেখেছে বিন্যান্স। এর মধ্যেই চুরির ঘটনা মোকাবিলায় বিভিন্ন বড় প্রযুক্তি ও ক্রিপ্টো প্রতিষ্ঠান দ্রুত পদক্ষেপ নিয়েছে। বিশ্বের দুই অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার ও সার্কেল যৌথভাবে প্রায় ২৪০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ ফ্রিজ বা জব্দ করেছে, যার মধ্যে সার্কেল ৮০ কোটি এবং টেথার ১৬০ কোটি ডলার জব্দ করার কথা জানিয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-ও চুরি হওয়া অর্থ আটকে রাখতে সহায়তার কথা প্রকাশ করেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইতিহাসের সর্ববৃহৎ এই ক্রিপ্টো হ্যাকিংয়ের খবর বাজারে ছড়িয়ে পড়ার পর বৈশ্বিক ডিজিটাল মুদ্রাবাজারে তীব্র ধস নেমেছে। শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম এক ধাক্কায় ৪ শতাংশের বেশি কমে গেছে, যার প্রভাব পড়েছে ইথেরিয়াম ও সোলানাসহ অন্যান্য ডিজিটাল মুদ্রাতেও। বর্তমানে ৩০ কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী ও ১৬ হাজার কোটি ডলারের সম্পদ সংরক্ষণকারী এই বৃহৎ প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয় ভেঙে পড়ার ঘটনাটি পুরো ব্লকচেইন খাতের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি করেছে।

আর্কটিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার চুক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম
আর্কটিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার চুক্তি

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এর অংশ হিসেবে আর্কটিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বাড়াতে শুক্রবার (৩০ অক্টোবর) তিন দেশ একটি সমঝোতা স্মারক (এমওসি) সই করেছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন।

বৈঠকে তিন দেশের ত্রিপক্ষীয় অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘ত্রিপক্ষীয় আর্কটিক-প্যাসিফিক অংশীদারত্ব’ (টিএপিপি) প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক সই করেন। এর আওতায় প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

এ ছাড়া তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিন দেশের প্রতিনিধিরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীনের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে আনা হয়েছে। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর প্রথম দফায় ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছিল। বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া সাতজনের মধ্যে পাঁচজন নওগাঁ জেলার এবং দুজন নাটোরের বাসিন্দা। দীর্ঘ সময় পর স্বজনদের মরদেহ গ্রহণ করতে এসে কান্না ও আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, ১০ অক্টোবর থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে বিমানে করে মরদেহগুলো ঢাকায় আনা হয়েছে।

নিহত শ্রমিকদের মধ্যে রয়েছেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী।

এ ছাড়া নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন রয়েছেন।

 

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ এম
আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

অনিবার্য বিপ্লব দেশের দরজায় কড়া নাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ তুলে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কী চুক্তি হয়েছে, তা অবিলম্বে জাতির সামনে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়াগামী লংমার্চের সূচনাপর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উদ্দেশে এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, জামায়াতে ইসলামী বা তাদের মিত্ররা কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে মাঠে নামেনি, বরং জনগণের মৌলিক ভোগান্তি ও অধিকারের দাবি নিয়েই এই আন্দোলন গড়ে তোলা হয়েছে। কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কোনো বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়া যাবে না উল্লেখ করে তিনি সরকারকে হুঁশিয়ার করে দেন যে, অতীতে যারা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন সবাই দেখতে পাচ্ছে। জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করে সরকার পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করার মতো সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। এসব দাবি উপেক্ষা করে স্বৈরাচারী পথে হাঁটলে বর্তমান সরকারকেও অতীতের শাসকদের মতো একই পরিণতি ভোগ করতে হবে বলে নেতারা সতর্ক করে দেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে আয়োজিত এই লংমার্চ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। সরকারের প্রতি দ্রুত দাবি আদায়ের বার্তা দিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই লংমার্চের পথসভা শুরু হয়।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক