আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির
অনিবার্য বিপ্লব দেশের দরজায় কড়া নাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ তুলে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কী চুক্তি হয়েছে, তা অবিলম্বে জাতির সামনে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়াগামী লংমার্চের সূচনাপর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উদ্দেশে এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, জামায়াতে ইসলামী বা তাদের মিত্ররা কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে মাঠে নামেনি, বরং জনগণের মৌলিক ভোগান্তি ও অধিকারের দাবি নিয়েই এই আন্দোলন গড়ে তোলা হয়েছে। কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কোনো বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়া যাবে না উল্লেখ করে তিনি সরকারকে হুঁশিয়ার করে দেন যে, অতীতে যারা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন সবাই দেখতে পাচ্ছে। জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করে সরকার পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করার মতো সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। এসব দাবি উপেক্ষা করে স্বৈরাচারী পথে হাঁটলে বর্তমান সরকারকেও অতীতের শাসকদের মতো একই পরিণতি ভোগ করতে হবে বলে নেতারা সতর্ক করে দেন।
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে আয়োজিত এই লংমার্চ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। সরকারের প্রতি দ্রুত দাবি আদায়ের বার্তা দিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই লংমার্চের পথসভা শুরু হয়।










