৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
দেশের স্বাস্থ্যসেবা খাতে জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১ বিধির আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। দেশের প্রতিটি নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে। অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
চিকিৎসক নিয়োগের বিষয়ে তিনি জানান, শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
নার্স সংকট নিরসনে গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫৬৬টি পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে এবং আরও ১ হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে।
পাশাপাশি মিডওয়াইফ পদে ৫৫৮ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছে, যাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। এ ছাড়া আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে এম এ মুহিত বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শুধু অবকাঠামো নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, যার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিপিপি অনুমোদন পেলেই নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে, যাতে তাঁরা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।










