পর্তুগালে অভিবাসীদের আগমন কমেছে ৮৫ শতাংশ এবং জমে থাকা ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি
পর্তুগালের নতুন অভিবাসন নীতির প্রথম পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। অভিবাসন প্রবাহের বৃদ্ধির হার ৮৫ শতাংশ কমেছে এবং দীর্ঘদিন ধরে জমে থাকা পুরোনো অভিবাসন আবেদনের ৯৮ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে। পর্তুগালের সংসদে সরকারি শুনানিতে নতুন অভিবাসন নীতির অগ্রগতির এসব তথ্য তুলে ধরেন প্রেসিডেন্সিমন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো।
মন্ত্রী জানান, অভিবাসন নিয়ন্ত্রণের অর্থ পর্তুগালের দরজা বিদেশিদের জন্য বন্ধ করে দেওয়া নয়। বরং দেশের অর্থনৈতিক চাহিদা এবং বিদেশিদের সামাজিকভাবে অন্তর্ভুক্ত করার সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন পরিচালনা করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, নতুন অভিবাসন নীতির রূপান্তরের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটির বিমানবন্দরগুলোতে অভিবাসন নিয়ন্ত্রণের সক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে পিএসপির অধীনে ন্যাশনাল ইউনিট ফর ফরেনার্স অ্যান্ড বর্ডার্সের জনবল বাড়ানো হয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ ও দেশের অভ্যন্তরে তদারকি জোরদার করতে জিএনআরের কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে।
পুরোনো অভিবাসন আবেদন নিষ্পত্তির বিষয়ে মন্ত্রী জানান, প্রায় ৪ লাখ ৪৫ হাজার ম্যানিফেস্তাসাঁও দে ইন্তেরেসে আবেদনের মধ্যে মাত্র প্রায় ৫ হাজার এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তাঁর দাবি, বাকি ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যেসব আবেদন এখনো ঝুলে আছে, তার বড় একটি কারণ সংশ্লিষ্ট আবেদনকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য বা জবাব না পাওয়া।
এদিকে আশ্রয় ও আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থাতেও পরিবর্তনের কথা জানিয়েছে সরকার। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ২ হাজার ৭০০টি নতুন আশ্রয় আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। ২০২৬ সালে সেই সংখ্যা কমে প্রায় ৮০০-তে নেমে এসেছে। এর মধ্যে প্রায় ৪০০টি আবেদন পরবর্তী প্রক্রিয়ার জন্য গ্রহণ করা হয়েছে।
অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টিও নতুন নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন মন্ত্রী। বিশেষ করে স্কুলগুলোতে অভিবাসী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য মধ্যস্থতাকারী বা মিডিয়েটরের সংখ্যা ২০২৪ সালের ৩০০ থেকে বাড়িয়ে চলতি শিক্ষাবর্ষে ৪০০ করা হয়েছে।
পর্তুগালের জাতীয় স্বাস্থ্যসেবা বা এসএনএসে বিদেশিদের চিকিৎসা পাওয়ার অধিকার নিয়েও বক্তব্য দেন আন্তোনিও লেইতাও আমারো। তিনি স্পষ্ট করে বলেন, বৈধ রেসিডেন্স পারমিট থাকা কোনো ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। স্বাস্থ্যসেবার অপব্যবহার বা তথাকথিত স্বাস্থ্য পর্যটন এবং পর্তুগালে বৈধভাবে বসবাসকারী বিদেশিদের চিকিৎসার প্রয়োজনীয়তা এক বিষয় নয় বলেও তিনি উল্লেখ করেন।
নিয়মিত শ্রম অভিবাসন ব্যবস্থার আওতায় বিদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাদের স্বাস্থ্যবিমা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে কিছু ক্ষেত্রে কর্মীদের নিজ দেশেই পর্তুগালে আসার আগে স্বাস্থ্য পরীক্ষা করার সম্ভাবনা নিয়েও সরকার চিন্তাভাবনা করছে।
সব মিলিয়ে পর্তুগাল সরকার একদিকে অভিবাসন নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ জোরদার করছে, অন্যদিকে বৈধ অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলছে। তবে সরকারের এই পরিসংখ্যানের বাস্তব প্রতিফলন কতটা কার্যকরভাবে অভিবাসীদের দৈনন্দিন জীবন, রেসিডেন্স পারমিট এবং পারিবারিক পুনর্মিলনের প্রক্রিয়ায় দেখা যাবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।













