প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে, কনের বাড়িতে ভিড়
ভাইয়ের সূত্রে পরিচয়ের পর ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন জ্যাকি চেউং নামের এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের (২৮) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়ের ঘটনা এখন গোয়ালন্দজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।
জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। ৩ নভেম্বর রাজবাড়ীতে আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয় এবং ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতিনীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ের আয়োজন করা হয়।
জ্যাকি চেউং ও নার্গিস আক্তারের পরিচয়ের গল্পটিও বেশ ব্যতিক্রমী। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন চীনা নাগরিক জ্যাকি চেউং। কর্মক্ষেত্রেই তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।
এরপর জ্যাকি নিজ দেশ চীনে ফিরে গেলেও মুঠোফোন ও অনলাইনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথন একপর্যায়ে গভীর ভালোবাসায় রূপ নেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।
জ্যাকি চেউং জানান, নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং তাঁকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশে এসে নার্গিস ও তাঁর স্বজনদের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান তিনি।
অন্যদিকে, নার্গিস আক্তার বলেন, পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে এবং জ্যাকি তাঁকে বিয়ে করার জন্য চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি।
নার্গিস আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা ঝাং সিনহাইয়ের ছেলে। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন এবং তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকি চেউংয়ের। সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবগ্রাম এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেক মানুষ নবদম্পতিকে দেখতে আসছেন।
গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে নবদম্পতির সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে জানা গেছে, রাজবাড়ীতে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে এবং জ্যাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।










