বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে তরুণ-তরুণীদের বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে সরকার। দুই মাসের এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন এইচএসসি বা সমমান পাস করা ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা। প্রশিক্ষণের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা ও দুপুরের খাবার দেওয়া হবে।
দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।
প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দিতে হবে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে। নির্ধারিত সময় শেষ হলে আবেদন করার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ভর্তি ও নির্বাচনের সময়সূচি
২৮ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ নভেম্বর নেওয়া হবে মৌখিক পরীক্ষা। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
প্রশিক্ষণে যেসব সুবিধা মিলবে
এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ভর্তি ফি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। কোর্স শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ হলে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।
যেসব প্রতিষ্ঠান প্রশিক্ষণ পরিচালনা করবে
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ দেবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।
প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ।













