মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রযুক্তির দুনিয়ায় খুদে উদ্যোক্তাদের জয় সেরা ১৩ তরুণ উদ্যোগ, নিরাপদ প্রযুক্তির আহ্বান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ পিএম
প্রযুক্তির দুনিয়ায় খুদে উদ্যোক্তাদের জয়  সেরা ১৩ তরুণ উদ্যোগ, নিরাপদ প্রযুক্তির আহ্বান

প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে রাজধানীর ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ২০২৬’ এবং ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ-সিজন ১’-এর গালা ডে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

টুইম্বল, ইয়ুথ হাব ফাউন্ডেশন মালয়েশিয়া, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন ও টিন্স সেভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল নিরাপত্তা, শিক্ষা, ভবিষ্যৎ দক্ষতা, উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আয়োজকেরা জানান, ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাসম্পন্ন তরুণদের নিয়ে দেশে প্রথমবারের মতো ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ’ আয়োজন করা হয়েছে। মে থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ১৩টি উদ্যোগ নির্বাচিত হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আয়োজকদের মতে, এ আয়োজনের মূল লক্ষ্য শুধু তরুণদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা নয়; বরং তাদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে সম্ভাবনাময় উদ্যোগগুলোকে মেন্টর, বিচারক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে যুক্ত করে একটি কার্যকর উদ্যোক্তা নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

‘টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ২০২৬’-এ মূল বক্তব্য দেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস। বিশেষ অতিথি ছিলেন টেসল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মদ ইয়াসির এবং ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটের প্রভাষক ইসরাক মুজবিন পৃথিল।

সামিটের বিশেষ প্যানেল আলোচনায় শিশু-কিশোরদের জন্য প্রযুক্তিকে কীভাবে আরও নিরাপদ, সহজ ও দায়িত্বশীল করা যায়, তা নিয়ে আলোচনা করেন প্রযুক্তি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা।

আলোচনায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার, শিক্ষা, ভবিষ্যৎ দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্যানেল আলোচনায় অংশ নেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, ইসিএস-এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা, স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান অপু এবং এসিআই পিএলসির অদম্য মেধাবী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম।

‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ-সিজন ১’-এর গালা ডেতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’ প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

বিশেষ অতিথি ছিলেন এসিআই পিএলসির অদম্য মেধাবী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ইসিএসের নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা, এসবিএলের ইমপ্যাক্ট অ্যান্ড ইকোসিস্টেম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. দেওয়ান আদনান এবং ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন।

প্রতিযোগিতার মেন্টর প্যানেলে ছিলেন ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের লিড মেন্টর আবদুর রশিদ সোহাগ, কনফিডেন্স গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্সেস হুমায়ুন রশিদ, গ্রিনটেক সোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজিব আশরাফুল ইসলাম এবং টেক্সোর্টের প্রধান নির্বাহী এস এম বেলাল উদ্দিন। জুরি প্যানেলে ছিলেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের প্রধান নির্বাহী মো. আলতামিস নাবিল, ফারহানাস ব্রেইনস্টেশনের প্রতিষ্ঠাতা খান ফারহানা, হ্যাপি ভেঞ্চারের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসান ও এসটিএসের হেড অব টেকনোলজি আরেফিন মিজান।

পুরো আয়োজনটি টুইম্বলের প্রতিষ্ঠাতা শামীম আশরাফের পরিচালনায় এবং টিন্স সেভার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুদ্র চৌধুরী তুর্জ ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাশদীদ হোসাইন চৌধুরীর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং দায়িত্বশীল উদ্ভাবক, সমস্যা সমাধানকারী ও ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ-সিজন ১’-এর টাইটেল স্পন্সর ছিল কিডলোন। বিশেষ স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে মালয়েশিয়াভিত্তিক এমডি গ্লোবাল রিসোর্সেস।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক