সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ভারতের কাছে ৫৫ রানে অলআউট, লজ্জার রেকর্ড পাকিস্তানের

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
ভারতের কাছে ৫৫ রানে অলআউট, লজ্জার রেকর্ড পাকিস্তানের

নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পাশাপাশি বিব্রতকর এক রেকর্ড গড়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউট হয়েছে তারা।

ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তানের মেয়েরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি ছিল পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচটি স্মরণীয় করে রাখার সুযোগ থাকলেও ব্যাটিং বিপর্যয়ে সেটি আর হয়ে ওঠেনি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় পাকিস্তান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পাকিস্তানের ইনিংসে শুরুটা অবশ্য আশাব্যঞ্জকই ছিল। প্রথম উইকেট জুটিতে শাওয়াল জুলফিকার ও মুনিবা আলি যোগ করেন ২৭ রান। মুনিবা করেন ১৩ রান, আর জুলফিকারের ব্যাট থেকে আসে ১৪ রান।

তবে শাফালি ভার্মার বলে মুনিবা বোল্ড হওয়ার পরই পাকিস্তানের ইনিংসে ধস নামে। ষষ্ঠ ওভারে শ্রী চরণী পরপর দুটি আঘাত হানেন। গুল ফেরোজাকে শূন্য রানে ফেরানোর পর জুলফিকারকেও সাজঘরে পাঠান তিনি। এতে ২৯ রানেই পাকিস্তান হারায় তৃতীয় উইকেট।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অষ্টম ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩২ রান। শ্রী চরণী, প্রেমা রাওয়াত ও দিপ্তি শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেননি।

১৩তম ওভার শেষ হওয়ার আগেই ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান করে পাকিস্তান। শেষ পর্যন্ত আরও তিনটি উইকেট হারিয়ে ৫৫ রানেই থামে তাদের ইনিংস।

ভারতের হয়ে শ্রী চরণী ও প্রেমা রাওয়াত তিনটি করে উইকেট নেন। চরণী চার ওভারে মাত্র ৭ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। রাওয়াত তিন উইকেট নিতে খরচ করেন ৯ রান। দিপ্তি শর্মা ৫ রান দিয়ে নেন দুটি উইকেট।

এর আগে নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৬৩ রান। ২০১২ সালের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষেই সেই সংগ্রহ করেছিল তারা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে ৫৫ রানে অলআউট হলো পাকিস্তান।

ভারতের রান তাড়াতেও অবশ্য শুরুটা পুরোপুরি স্বস্তির ছিল না। পাকিস্তানের বোলাররা ভারতের তিনটি উইকেট তুলে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ফাতিমা সানা ছিলেন পাকিস্তানের সফলতম বোলার। তিনি ১৭ রান দিয়ে নেন তিনটি উইকেট।

তবে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৬ রান। ফলে বড় কোনো বিপদের মুখে পড়তে হয়নি তাদের। ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। অধিনায়ক হারমানপ্রীত কৌর ১৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে নারী এশিয়া কাপে দারুণ ছন্দ ধরে রেখেছে ভারত। তিন ম্যাচে তিন জয় নিয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এরই মধ্যে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে তারা।

অন্যদিকে পাকিস্তানের সামনে এখনো নকআউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ হংকংয়ের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৫৬ রান। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই রানে অলআউট হয়েছিল তারা। এবার ভারতের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে গিয়ে নিজেদের সেই বিব্রতকর রেকর্ডও নতুন করে লিখল পাকিস্তান।

এ ছাড়া ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬০, ২০১২ সালে ভারতের বিপক্ষে ৬৩, তার আগের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৫ এবং ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭২ রানে অলআউট হয়েছিল পাকিস্তানের মেয়েরা।

ভারতের বিপক্ষেও অবশ্য এর চেয়ে কম রানে অলআউট হওয়ার নজির রয়েছে। ২০১৮ সালে মালয়েশিয়ার মেয়েরা ভারতের বিপক্ষে মাত্র ২৭ রানে গুটিয়ে গিয়েছিল। থাইল্যান্ড ৩৭ এবং বাংলাদেশ ৫১ ও ৫৪ রানে ভারতের বিপক্ষে অলআউট হয়েছিল। সেই তালিকায় ৫৫ রান নিয়ে এবার পাকিস্তানও যুক্ত হলো।

নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড অবশ্য আরও ভয়াবহ। বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপের মেয়েরা মাত্র ৬ রানে অলআউট হয়ে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল।

রুয়ান্ডার বিপক্ষেও মালির মেয়েরা ৬ রানে গুটিয়ে যায়। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে ২০ রানের কমে অলআউট হওয়ার ঘটনাও রয়েছে ২৫টি।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক