সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জাতীয় দল ছাড়লেও ফুটবলের সঙ্গেই থাকছেন মেসি, গড়ছেন নিজের সাম্রাজ্য

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এম
জাতীয় দল ছাড়লেও ফুটবলের সঙ্গেই থাকছেন মেসি, গড়ছেন নিজের সাম্রাজ্য

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে না—বিশ্বকাপজয়ী অধিনায়কের জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ভক্তদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া। তবে জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবলকে বিদায় বলছেন না এই মহাতারকা। বরং খেলোয়াড়ি জীবন শেষে ফুটবলের সঙ্গেই আরও গভীরভাবে যুক্ত থাকার পরিকল্পনা করছেন তিনি।

৩৯ বছর বয়সেও ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। বয়সের ছাপ তাঁর পারফরম্যান্সে খুব একটা পড়তে দেননি। এরই প্রমাণ মিলেছে গত শনিবারের ম্যাচে। ক্লাবের হয়ে একাই চার গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চলতি মেজর লিগ সকারে ১৮ গোল নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে রয়েছেন মেসি।

ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০২৮ সালের শেষ পর্যন্ত। ফলে ২০২৭-২৮ মৌসুমেও তাঁকে ক্লাবটির জার্সিতে মাঠে দেখা যেতে পারে। ক্লাবটি কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারলে শিরোপার লড়াইয়েও মেসিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তবে চুক্তির মেয়াদই মেসির ক্যারিয়ারের শেষ সময় নির্ধারণ করবে, এমনটা নয়। মাঠের ফুটবলকে কখন বিদায় জানাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাঁর নিজের হাতেই রয়েছে।

মেসি যদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই খেলোয়াড়ি জীবন শেষ করেন, তবুও ইন্টার মায়ামির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা কম। ক্লাবটির নীতি নির্ধারণী বা প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তাঁকে যুক্ত রাখার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।

শুধু ইন্টার মায়ামিকে ঘিরেই নয়, খেলোয়াড়ি জীবন পরবর্তী সময়ের জন্যও বড় পরিকল্পনা করছেন মেসি। ধীরে ধীরে নিজের একটি ক্রীড়া সাম্রাজ্য গড়ে তুলছেন তিনি।

চলতি বছর স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিয়ন এস্পোর্তিভো কর্নেলার মালিকানা কিনেছেন মেসি। এর পাশাপাশি রয়েছে তাঁর পারিবারিক প্রকল্প ‘লিওনেস এফসি’। উরুগুয়ের এলএসএমেও বন্ধু ও সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথ উদ্যোগ রয়েছে তাঁর।

জাতীয় দল থেকে মেসির বিদায় এখন অনেকটাই নিশ্চিত হলেও ক্লাব ফুটবলে তাঁর শেষটা কবে, সেটি সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—খেলোয়াড় হিসেবে অবসর নিলেও ফুটবল থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা নেই মেসির। মাঠের তারকা থেকে ভবিষ্যতে ভিন্ন ভূমিকায় ফুটবলের সঙ্গেই নিজের অবস্থান ধরে রাখতে চান আর্জেন্টাইন মহাতারকা।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক