সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কাঁদছে নেপাল

উদ্ধার অভিযানের মধ্যেই নতুন বন্যার শঙ্কা: মৃত ৩৯২, নিখোঁজ প্রায় দেড় হাজার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:২৯ এম
উদ্ধার অভিযানের মধ্যেই নতুন বন্যার শঙ্কা: মৃত ৩৯২, নিখোঁজ প্রায় দেড় হাজার

কাঠমান্ডু: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে যখন মরিয়া উদ্ধার অভিযান চলছে, তখনই নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। নদীর গতিপথে ধ্বংসাবশেষ জমে সৃষ্ট একটি বিশাল ‘ব্যারেজ লেক’-এর পানি দ্রুত বাড়ছে। সেটি ভেঙে গেলে আবারও ভয়াবহ ঢল নেমে আসতে পারে বলে সতর্ক করেছে নেপাল ও চীন। এরই মধ্যে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা ৩৯২-এ পৌঁছেছে এবং প্রায় ১ হাজার ৪৬৮ জন এখনও নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন।

নেপালের সর্বশেষ সরকারি হিসাবে দেশটিতে ৩৮৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং ৯১০ জন নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন। চীনের তিব্বত অঞ্চলে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং সেখানে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ও সড়ক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ধ্বংস হয়ে যাওয়া সড়ক ও সেতু। বন্যার প্রবল স্রোতে বহু সেতু, রাস্তা, বসতি ও অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় স্থলপথে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে নেপালি সেনাবাহিনী ও উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টারের সাহায্যে দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে এবং আটকে পড়াদের সরিয়ে নেওয়ার পাশাপাশি জরুরি খাদ্য ও অন্যান্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নতুন করে বন্যার আশঙ্কাই এখন উদ্ধার অভিযানের গতিপথও বদলে দিচ্ছে। নেপাল-চীন সীমান্তের দুই পাশে ধ্বংসাবশেষে নদীর পানি আটকে নতুন জলাধার তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তিব্বত অংশে তৈরি একটি হ্রদে আগামী কয়েক দিনে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি জমতে পারে এবং সেপ্টেম্বরের শুরুতে সেটি উপচে বা প্রাকৃতিক বাঁধ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় তাই বাসিন্দা, পর্যটক ও উদ্ধারকর্মীদের সতর্ক করা হয়েছে।

এদিকে নিখোঁজদের বড় একটি অংশ বিদেশি নাগরিক হওয়ায় দুর্যোগটি নেপালের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক উদ্বেগে পরিণত হয়েছে। নেপালের পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। তিব্বতের কৈলাস-মানস সরোবরের পথে থাকা ভারতীয় তীর্থযাত্রীদের একটি বড় অংশ এখনও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে অন্তত ২৮৮ ভারতীয় নাগরিক এখনও যোগাযোগের বাইরে রয়েছেন।

তবে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে নিখোঁজের তালিকাটিও স্থির নয়। ভারতের বিভিন্ন রাজ্য থেকে যাওয়া পর্যটক ও তীর্থযাত্রীদের অনেকের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের ৪১ জনের মধ্যে ৩৪ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, অন্যদিকে মহারাষ্ট্রের ১১৪ জনের মধ্যে ৬১ জন এখনও যোগাযোগের বাইরে রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এসব সংখ্যা দেখাচ্ছে, যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার হলে নিখোঁজের প্রকৃত সংখ্যা দ্রুত বদলে যেতে পারে।

নেপালের এই দুর্যোগের আন্তর্জাতিক মাত্রা আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায়। ওয়াশিংটন ইতোমধ্যে নেপালের জন্য ৫ লাখ ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নেপালের প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের দৃষ্টিতে, এখন প্রশ্ন শুধু কত মানুষ মারা গেল বা কতজন নিখোঁজ—তা নয়; প্রশ্ন হচ্ছে, হিমালয়ের এই দ্রুত পরিবর্তনশীল ভূপ্রকৃতিতে এমন দুর্যোগের পরপরই দ্বিতীয় বিপর্যয় ঠেকানোর মতো প্রস্তুতি নেপাল ও চীনের আছে কি না। বিজ্ঞানীদের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, লাংটাং লিরুং এলাকার হিমবাহের নিচের শিলাস্তর ধসে বরফ ও বিপুল পরিমাণ পাথর নিচে নেমে আসে এবং এর ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের স্রোত নদীর স্বাভাবিক প্রবাহকে বিপর্যস্ত করে।

জলবায়ু পরিবর্তনও আলোচনার কেন্দ্রে এসেছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, নির্দিষ্ট এই ধসের সরাসরি কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণায়নকে এখনই চূড়ান্তভাবে দায়ী করা যাচ্ছে না। তবে হিমবাহ গলে যাওয়া, পারমাফ্রস্ট দুর্বল হওয়া এবং উচ্চ হিমালয়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ার প্রবণতা উষ্ণ পৃথিবীতে বাড়ছে। ফলে ভবিষ্যতে এ ধরনের আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে।

সব মিলিয়ে, নেপালের এবারের সংকট এখন আর একটি ‘বন্যার পর উদ্ধার অভিযান’-এ সীমাবদ্ধ নেই। একদিকে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান, অন্যদিকে নতুন ব্যারেজ লেক ভেঙে দ্বিতীয় দফার বন্যার আশঙ্কা—দুই সংকট একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে নেপাল ও চীনকে। আর শত শত বিদেশি নাগরিকের নিখোঁজ থাকার কারণে আগামী কয়েক দিন এই উদ্ধার অভিযান শুধু নেপালের জন্য নয়, ভারতসহ বহু দেশের জন্যও বড় উদ্বেগের কেন্দ্র হয়ে থাকবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক