প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার
ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার আলোকে ‘নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার (ফ্রান্স শাখা)-এর উদ্যোগে সোমবার (১০ আগস্ট) প্যারিসের বুলোন এলাকার একটি অভিজাত চার তারকা হোটেলের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বাংলাদেশ সরকারের নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় আয়োজিত এ সেমিনারে কবির বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দর্শনের সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সেমিনারের উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সঙ্গে নজরুলের চেতনার সম্পর্ক নতুন করে অনুধাবন করা জরুরি। নজরুলের সাহিত্য ও দর্শন কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং প্রতিটি প্রজন্মের প্রেরণার উৎস। নতুন বাংলাদেশের পথচলায় তাঁর সাম্য ও শোষণবিরোধী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ চৌধুরী। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আয়ারল্যান্ড প্রবাসী কবি ও আন্তর্জাতিক কলামিস্ট ড. জিন্নুরাইন জায়গীরদার।প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও জাতীয় কবি ও জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ফ্রান্সপ্রবাসীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি প্রবাসী বাংলাদেশিদের সাথে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের বন্ধন আরও দৃঢ় করবে।
প্রধান আলোচক ড. জিন্নুরাইন জায়গীরদার বলেন, “জুলাই বিপ্লবে ছাত্র-জনতার সংগ্রামে নজরুলের সাহিত্যকর্ম আমাদের সাহস যুগিয়েছে। তবে জাতি হিসেবে আমরা অনেক কিছু দ্রুত ভুলে যাই। নজরুলের মতো জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক ও চেতনাকে যেন আমরা কোনোভাবেই ভুলে না যাই।”
সেমিনারে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসরাত ফ্লোরা।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, রাজশাহী নিউ গভ. ডিগ্রির কলেজের সাবেক জিএস মাহবুবুল আলম রাঙ্গা, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক ও রাজনীতিবিদ রেজাউল করিম রেজা, কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল হক রাসেল, আব্দুল হাকিম, জবরুল ইসলাম, ফ্রান্স ২৪-এর প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, দৈনিক দিনকালের ফ্রান্স প্রতিনিধি ও উপদেষ্টা মোহাম্মদ আলী চৌধুরী, ফরাসি ভাষা শিক্ষক ও উপদেষ্টা সৈয়দ মঞ্জুরুল কাদির, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মুজ্জামিল, ব্যবসায়ী আক্তার হোসেন সোহেল, কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ আক্তার হাসান, প্যারিস আইছার প্রতিনিধি মুহসীন আল আবিদ, বাংলাদেশ প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি ফেরদৌস করিম, এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ফয়সাল আহমেদ, হেলাল আহমেদ, অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী এবং সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম।
এছাড়াও এনটিভির প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের প্রতিনিধি জাফর ইকবাল, কালের কণ্ঠের প্রতিনিধি তানভীর আহমদ তোহা, সাংবাদিক সরদার হাছান ইলিয়াস তানিম, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমেদসহ জুলাই যোদ্ধা নিসাত মনি, নাজমুল ইসলাম, সুমন আহমেদ চৌধুরী, গউস আহমেদ, মিসবাহ, রুহুল আমীন, জামিল আহমেদ, জুবেল আহমেদ, জুয়েল আহমদ এবং স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ-সভাপতি চৌধুরী হায়দার, জাকির খান এবং শিশুশিল্পী রিমিসা রাতুল। নজরুলসংগীত পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় সংগীতশিল্পী কুমকুম সাইয়িদা।
পরিশেষে, আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।













