আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফ
বিশ্বের দ্রুত বর্ধনশীল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ‘লেমফাই’ (LemFi) আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রম পরিচালনার জন্য শাহ ইউসুফকে ‘হেড অব বাংলাদেশ’ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি একাধারে ব্রিটিশ-বাংলাদেশি ফিনটেক বিশেষজ্ঞ, ব্যবসায়িক পরামর্শক ও গণমাধ্যম উদ্যোক্তা। বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স বাজার বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদি কার্যক্রম সম্প্রসারণ ও শক্তিশালী করার কৌশল হিসেবে এই নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি লন্ডনকে নিজেদের বৈশ্বিক সদর দপ্তর ঘোষণা করে লেমফাই। পাশাপাশি আগামী পাঁচ বছরে যুক্তরাজ্যে ১০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনার কথা জানায় তারা। বর্তমানে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ২০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে ফিনটেক সংস্থাটি। প্রতি মাসে তাদের আন্তর্জাতিক অর্থ লেনদেনের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
ডিজিটাল রেমিট্যান্স প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও লেমফাই এখন অভিবাসীদের জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের পাশাপাশি তারা মাল্টি-কারেন্সি অ্যাকাউন্ট, সঞ্চয় ও ঋণ সুবিধা, Send Now, Pay Later (SNPL), ক্রেডিট মনিটরিং এবং সম্প্রতি Wealth8 অধিগ্রহণের মাধ্যমে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা সেবাও দিচ্ছে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ রেমিট্যান্স গ্রহণকারী দেশ হওয়ায় বাজারটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে লেমফাই। প্রতিষ্ঠানটির লক্ষ্য-নিরাপদ ডিজিটাল সেবার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক তৈরি করা।
নতুন দায়িত্বে শাহ ইউসুফ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে লেমফাইয়ের রেমিট্যান্স কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত অংশীদারিত্ব তৈরি এবং দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।
গণমাধ্যমে ‘লন্ডন বাংলা’ এলবি২৪’ এবং ‘ভডটক’-এর মাধ্যমে পরিচিত শাহ ইউসুফের পেশাগত জীবনের বড় অংশ কেটেছে ফিনটেক ও ব্যবসায়িক পরামর্শ খাতে। লেমফাইয়ে যোগ দেওয়ার আগে টানা পাঁচ বছর তিনি প্রবাসীদের জন্য ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করেছেন। কমিউনিটি সংগঠন, গণমাধ্যম, অ্যাম্বাসেডর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে প্রবাসীদের ডিজিটাল রেমিট্যান্সে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখেন তিনি। নতুন দায়িত্ব প্রসঙ্গে শাহ ইউসুফ বলেন,
“লেমফাইয়ের মতো দ্রুত বর্ধনশীল বৈশ্বিক প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত। প্রবাসীদের ডিজিটাল সেবা দেওয়ার যে অভিজ্ঞতা আমার রয়েছে, তাকে এখন আরও বৃহত্তর পরিসরে কাজে লাগানোর সুযোগ তৈরি হলো। আমার মূল লক্ষ্য-বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে আস্থার সম্পর্ক জোরদার করা এবং সহজ, নিরাপদ ও আধুনিক আর্থিক সেবার মাধ্যমে রেমিট্যান্স প্রবাহকে আরও শক্তিশালী করা।
লেমফাই কর্তৃপক্ষ জানিয়েছে, অভিজ্ঞ নেতৃত্বের ওপর ভর করেই তারা বৈশ্বিক সম্প্রসারণের পথে এগোচ্ছে। শাহ ইউসুফের অভিজ্ঞতা ও প্রবাসীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে লেমফাইকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।










