মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ ২০২৬

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৫০ পিএম
যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজন

যখন ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দলের নতুন ফরম্যাট ঘোষণা করা হয়েছিল, তখন ফুটবলবিশ্বে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। অনেকেই আশঙ্কা করেছিলেন, অতিরিক্ত দলের অংশগ্রহণে বিশ্বকাপের প্রতিযোগিতার মান কমে যাবে, গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে একপেশে এবং রোমাঞ্চ হারাবে ফুটবলের সবচেয়ে বড় আসর।

কিন্তু মাঠের খেলা যেন সেই সব আশঙ্কাকে একে একে ভুল প্রমাণ করে দিচ্ছে। টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলোতেই দেখা গেছে, তথাকথিত ছোট দলগুলো বড় শক্তিগুলোর বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে। ফলে ২০২৬ বিশ্বকাপ এখন পর্যন্ত ফুটবলপ্রেমীদের কাছে এক বিস্ময়কর সফল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্ডারডগদের চোখ রাঙানি

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিশ্বকাপের শুরু থেকেই দেখা গেছে, র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলগুলো কেবল অংশগ্রহণ করতেই আসেনি, বরং বড় দলগুলোর বিপক্ষে সমানতালে লড়াই করছে। আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম কিংবা উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোও সহজ জয় পায়নি।

বিশেষ করে কেপ ভার্দে ইতিহাসের অন্যতম বড় চমক উপহার দিয়েছে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের অন্যতম আলোচিত দল হয়ে উঠেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।

ম্যাচজুড়ে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার অসাধারণ নৈপুণ্য স্পেনের তারকা আক্রমণভাগকে হতাশ করে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি জনপ্রিয়তায় বিস্ফোরণ ঘটে তার।

ড্র-ই এখন বড় অঘটন

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বড় চমক এসেছে ড্র হওয়া ম্যাচগুলো থেকে। ছোট দলগুলো শুধু রক্ষণাত্মক ফুটবল খেলেই নয়, বরং আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমেও বড় দলগুলোকে চাপে ফেলছে।

মিশর শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলের ড্র করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে। একইভাবে সৌদি আরব উরুগুয়ের বিপক্ষে লড়াই করে ড্র আদায় করে নেয়।

অন্যদিকে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ২-২ গোলের রোমাঞ্চকর ম্যাচটি প্রমাণ করেছে যে আধুনিক ফুটবলে দলগুলোর মধ্যকার ব্যবধান আগের তুলনায় অনেক কমে এসেছে।

নাটকীয় জয় ঘানার

গ্রুপ ‘এল’-এ ঘানা ও পানামার ম্যাচটি ছিল টুর্নামেন্টের অন্যতম নাটকীয় লড়াই। পুরো ম্যাচে শক্ত প্রতিরোধ গড়ে তোলা পানামা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে হার মানে।

ম্যাচের ৯৫তম মিনিটে তরুণ ফুটবলার ক্যালেব ইরেনকির গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় ঘানা। চলতি বিশ্বকাপে এটি এখন পর্যন্ত সবচেয়ে দেরিতে হওয়া জয়সূচক গোল।

স্বাগতিক যুক্তরাষ্ট্রের দাপুটে শুরু

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হতাশাজনক ফলের কারণে সমালোচনার মুখে ছিল যুক্তরাষ্ট্র। তবে মূল আসরে নিজেদের প্রথম ম্যাচেই তারা সব জবাব দিয়েছে মাঠে।

প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিকরা। ফোলারিন বালোগান ও জিও রেইনার পারফরম্যান্স নতুন করে ফুটবল উন্মাদনা সৃষ্টি করেছে মার্কিন সমর্থকদের মধ্যে।

ফুটবলের সঙ্গে সংস্কৃতির মিলনমেলা

শুধু মাঠের খেলাই নয়, ২০২৬ বিশ্বকাপের আরেকটি বড় আকর্ষণ হয়ে উঠেছে তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সাংস্কৃতিক বৈচিত্র্য।

মেক্সিকোর মারিয়াচি সুর, যুক্তরাষ্ট্রের আধুনিক স্টেডিয়াম সংস্কৃতি এবং কানাডার সুশৃঙ্খল আয়োজন বিশ্বকাপকে রূপ দিয়েছে এক বৈশ্বিক উৎসবে। ফুটবলের পাশাপাশি ফ্যাশন, সঙ্গীত ও সংস্কৃতির সমন্বয়ে তরুণ প্রজন্মের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এই আসর।

সংশয় থেকে সাফল্যের গল্প

বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে, ৪৮ দলের নতুন ফরম্যাট নিয়ে যে নেতিবাচক আলোচনা ছিল, মাঠের ফুটবল তা অনেকাংশেই ভুল প্রমাণ করেছে।

অপ্রত্যাশিত ফল, আন্ডারডগদের সাহসী লড়াই, নাটকীয় মুহূর্ত এবং প্রতিটি ম্যাচে অনিশ্চয়তার উপস্থিতি ২০২৬ বিশ্বকাপকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। নকআউট পর্ব শুরু হলে এই রোমাঞ্চ আরও বাড়বে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ফুটবল বিশ্বের অনেক পর্যবেক্ষকের মতে, ২০২৬ বিশ্বকাপ হয়তো ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অনিশ্চিত এবং বৈচিত্র্যময় আসরগুলোর একটি হয়ে উঠতে যাচ্ছে—যেখানে কোনো দলই খুব বড় নয়, আবার কোনো দলই খুব ছোট নয়।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক