শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী সমীপে

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাশা: প্রধানমন্ত্রীর সফর ঘিরে এক খোলা চিঠি

আলমগীর চৌধুরী আকাশ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৫৭ এম
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাশা: প্রধানমন্ত্রীর সফর ঘিরে এক খোলা চিঠি

আগামী ২১-২২ জুন মালয়েশিয়া সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এটি হবে তার প্রথম বিদেশ সফর। একজন বাংলাদেশি হিসেবে আমরা তার সফলতা কামনা করি। একই সঙ্গে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর পক্ষ থেকে কিছু প্রত্যাশার কথা তুলে ধরতে চাই, যা শুধু প্রবাসী শিক্ষার্থীদের নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ মানবসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

আমি আলমগীর চৌধুরী আকাশ, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম)-এর একজন পিএইচডি গবেষক। বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)-এর সাবেক সভাপতি এবং আইআইইউএম পোস্টগ্র্যাজুয়েট স্টুডেন্টস সোসাইটি (পিজিএসএস)-এর সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক, প্রশাসনিক ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই মনে করি, প্রধানমন্ত্রীর এই সফর শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা বাস্তবায়নের নতুন দ্বার উন্মোচন করতে পারে।

বর্তমানে মালয়েশিয়া এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা কেন্দ্র। প্রতি বছর বাংলাদেশ থেকে শত শত শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার জন্য এখানে আসছেন। তারা শুধু ডিগ্রি অর্জন করছেন না; বরং আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুত করছেন।তবে একটি গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা এখনো বঞ্চিত।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মালয়েশিয়া সরকার বর্তমানে ৩২টি দেশের নাগরিকদের জন্য ১২ মাস মেয়াদি গ্র্যাজুয়েট পাস সুবিধা প্রদান করে। এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় মালয়েশিয়ায় অবস্থান করে চাকরি খোঁজা, কর্ম-অভিজ্ঞতা অর্জন এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পান।

এই সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বহু উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশ।

দুঃখজনকভাবে, বাংলাদেশ এখনো সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা ডিগ্রি সম্পন্ন করার পর আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি সুযোগ হারাচ্ছেন। অনেক মেধাবী শিক্ষার্থী দেশে ফিরে যেতে বাধ্য হন, অথচ তাদের সহপাঠীরা গ্র্যাজুয়েট পাসের মাধ্যমে মালয়েশিয়ার শিল্প, প্রযুক্তি, গবেষণা ও করপোরেট খাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

আজকের বিশ্বে শুধু একটি ডিগ্রি যথেষ্ট নয়। বাস্তব কর্ম-অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিবেশে কাজ করার সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বৈশ্বিক পেশাগত নেটওয়ার্ক একজন শিক্ষার্থীকে আরও প্রতিযোগিতামূলক করে তোলে। গ্র্যাজুয়েট পাস শিক্ষা ও কর্মজীবনের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে।

এখানে একটি যৌক্তিক প্রশ্ন উঠে আসে—ভারত, চীন, ইন্দোনেশিয়া বা ভিয়েতনামের শিক্ষার্থীরা যদি এই সুযোগ পেতে পারেন, তাহলে বাংলাদেশি শিক্ষার্থীরা কেন বঞ্চিত থাকবেন?

আমরা জানি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়েও বিষয়টি আলোচনায় এসেছিল। কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই আমরা আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস সুবিধা অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।

এটি কোনো বিশেষ সুবিধার দাবি নয়; বরং ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ তৈরির একটি কৌশলগত বিনিয়োগ।

একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সেবাগুলোকে আরও শিক্ষার্থী-বান্ধব করা প্রয়োজন। পাসপোর্ট নবায়ন, অ্যাটেস্টেশন, পাওয়ার অব অ্যাটর্নি এবং অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে শিক্ষার্থীদের অনেক সময় দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হতে হয়। শিক্ষার্থীদের জন্য পৃথক স্টুডেন্ট সার্ভিস ডেস্ক বা প্রায়োরিটি সার্ভিস কাউন্টার চালু করা হলে সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করা। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতজন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, তাদের গবেষণার ক্ষেত্র কী এবং তারা কোন পর্যায়ে অধ্যয়ন করছেন—এসব তথ্যের কোনো সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম নেই। অথচ এমন একটি ডাটাবেস জরুরি পরিস্থিতি মোকাবিলা, স্কলারশিপ প্রদান, গবেষণা অনুদান, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে দ্রুত যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া বাংলাদেশ হাইকমিশনের অধীনে একটি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়েবিলিটি সাপোর্ট সেল গঠন করা যেতে পারে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি, শিল্পখাত এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের সংযোগ স্থাপন সহজ হবে। এর ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে সেই অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন।

আমাদের আরেকটি প্রত্যাশা হলো বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি গবেষকদের জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সহযোগিতা বৃদ্ধি করা। আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, গবেষণা অর্জন, উদ্ভাবন কিংবা পেটেন্টের জন্য বিশেষ সম্মাননা ও অনুদান চালু করা হলে গবেষণার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং বিশ্বব্যাপী বাংলাদেশি গবেষকদের নেটওয়ার্ক শক্তিশালী হবে।

 

মাননীয় প্রধানমন্ত্রী,

আজকের বিশ্বে একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, তার মানবসম্পদ। মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের ভবিষ্যৎ জ্ঞানভিত্তিক অর্থনীতির সম্ভাব্য চালিকাশক্তি। তাদের জন্য সঠিক নীতি, প্রয়োজনীয় সুযোগ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে এর সুফল বহু বছর ধরে দেশ ভোগ করবে।

আমরা কোনো বিশেষ সুযোগ চাই না; আমরা চাই সমান সুযোগ। আমরা চাই আমাদের শিক্ষা, গবেষণা ও দক্ষতাকে আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগানোর সুযোগ। আমরা চাই এমন নীতি, যা বাংলাদেশি শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করবে।

আপনার এই সফর যদি গ্র্যাজুয়েট পাস সুবিধা, শিক্ষার্থীবান্ধব কনস্যুলার সেবা, ক্যারিয়ার সহায়তা এবং গবেষণা সহযোগিতার মতো বিষয়গুলোতে বাস্তব অগ্রগতির পথ খুলে দেয়, তবে তা শুধু মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।

আমরা আশাবাদী, আপনি আমাদের এই প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

লেখক : পিএইচডি গবেষক, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) সাবেক সভাপতি, বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) সাবেক সভাপতি, আইআইইউএম পোস্টগ্র্যাজুয়েট স্টুডেন্টস সোসাইটি (পিজিএসএস)

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ এম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে মারা গেছেন ১১২ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৮২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৭১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, খুলনায় ২৮৬ জন, বরিশালে ১৬৪ জন, রাজশাহীতে ১৩০ জন, ময়মনসিংহে ১০৮ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ এম
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে ফিলিস্তিনসহ বৈশ্বিক বিভিন্ন সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মনে উদ্বেগ রয়েছে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, “আত্মনিয়ন্ত্রণাধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারসহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।”

যুদ্ধ-সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুতি, মানবিক সংকট

ভাষণে বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানবসৃষ্ট সংঘাতের কারণে বিভিন্ন দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে একের পর এক মানবিক সংকট।

যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিও তীব্র চাপের মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি নিরাপত্তার সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি অর্থনৈতিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে বলে জানান প্রধানমন্ত্রী।

সংঘাতের সমাধান আলোচনায়, কূটনীতিতে

বিশ্বের বিভিন্ন সংঘাতের সমাধানে সামরিক শক্তির পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত।

বিবদমান রাষ্ট্রগুলোর সম্পর্কের ভিত্তি হিসেবে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রত্যাশা এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয়; বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা।”

জাতিসংঘকে কেন্দ্র করে সমঝোতামূলক বিশ্ব

একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ—ভাষণে এমন প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের এক প্রান্তের সংঘাত ও সংকট অন্য প্রান্তের দেশগুলোকেও প্রভাবিত করে। এ বাস্তবতায় পারস্পরিক সহযোগিতা, কূটনীতি ও বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

উন্নয়নের অর্থ সামরিক খাতে সরিয়ে নেওয়া নিয়ে উদ্বেগ

বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বরাদ্দ সামরিক ব্যয়ে স্থানান্তরের প্রবণতাকে বিশ্বশান্তির পথে অন্যতম বাধা হিসেবে তুলে ধরেন তারেক রহমান।

শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বিশ্বশান্তিতে বাংলাদেশের ভূমিকার বার্তা

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথাও ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষীরা মানবতার সেবায় কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে।

ভাষণের শেষদিকে বিশ্ব মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেকোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

আলোচনা, পারস্পরিক সম্মান, কূটনীতি ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিময় ও মানবিক বিশ্ব গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগ চায় ডিসিসিআই

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ এম
নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগ চায় ডিসিসিআই

বাংলাদেশের জ্বালানি, নবায়নযোগ্য শক্তি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব আহ্বান জানান।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং সরকার পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ সরকার সম্প্রতি জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ সহায়ক বিভিন্ন সুবিধা ঘোষণা করেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন।

এ খাতে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে তুলতে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও কার্যকর ও টেকসই করা সম্ভব বলে মত দেন।

এ সময় মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বলেন, দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিপুলসংখ্যক দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা আরও আধুনিক করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্সিংয়ের সম্প্রসারণ, উদ্ভাবনী আর্থিক পণ্য তৈরি এবং কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তুলতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও মডেল বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

সাক্ষাৎকালে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের সাফল্যের কথাও তুলে ধরেন তাসকীন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের এমএফএস মডেল বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। মালয়েশিয়াও বাংলাদেশের এ খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
ডিসিসিআই সভাপতি আরও বলেন, বাংলাদেশ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। ফলে দেশটি একটি বড় ও সম্ভাবনাময় ভোক্তা বাজারে পরিণত হয়েছে। এই বাজারের সম্ভাবনা কাজে লাগাতে মালয়েশিয়ার রপ্তানিকারকদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব জোরদার, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক