মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পর্তুগালে হিজাব এবং মাস্ক পড়ায় বাংলাদেশী নারীকে গণপরিবহনে উঠতে দেয়নি

পর্তুগাল প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৩০ পিএম
পর্তুগালে হিজাব এবং মাস্ক পড়ায় বাংলাদেশী নারীকে গণপরিবহনে উঠতে দেয়নি

লিসবনে গণপরিবহনে এক মুসলিম নারীকে হিজাব ও মাস্ক পরার কারণে বাসে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৬ বছর বয়সী বাংলাদেশি নারী মিম আক্তার পরিবহন সংস্থা ক্যারিশ এবং পিএসপি-এর কাছে বৈষম্যের অভিযোগ দায়ের করেছেন।

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে সকালে নিজের দুই সন্তানকে স্কুলে নামিয়ে বাড়ি ফেরার পথে মিম আক্তার ক্যারিশ-এর ৭৩৭ নম্বর রুটের একটি বাসে উঠতে গেলে চালক তাকে থামিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, চালক তাকে বলেন যে মাস্ক পরে তিনি বাসে উঠতে পারবেন না।

মিম আক্তারের ভাষ্য অনুযায়ী, তিনি তখনই সার্জিক্যাল মাস্ক নামিয়ে মুখ দেখান। কিন্তু এরপরও চালক নাকি মাস্ক পুরোপুরি খুলে ফেলতে বলেন এবং সতর্ক করেন, তা না হলে বাস ছাড়বেন না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠলে ওই নারী শেষ পর্যন্ত বাস থেকে নেমে যেতে বাধ্য হন। এক যাত্রীর পক্ষ থেকেও তাকে ‘ঝামেলা না করতে’ পরামর্শ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিম আক্তার একজন মুসলিম নারী এবং তিনি হিজাব ব্যবহার করেন, যা মাথা ঢাকে কিন্তু মুখমণ্ডল ঢাকে না। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি কোভিড-১৯ মহামারির পর থেকে গণপরিবহনে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে আসছেন।

ঘটনার পর তিনি স্থানীয় সহায়তা নেটওয়ার্কের সহযোগিতা নিয়ে ক্যারিশ-এর বিরুদ্ধে অভিযোগ করেন। কোম্পানিটি জানিয়েছে, অভিযোগটি “অভ্যন্তরীণ পর্যালোচনায়” আছে এবং ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তারা বলেছে, প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্তি, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং আইনগত ও নৈতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয়।

এ ঘটনার জেরে লেফট ব্লক লিসবন সিটি হলের মেয়রের কাছেও ব্যাখ্যা চেয়েছে। দলটি জানতে চেয়েছে, ক্যারিশ কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তদন্তের বর্তমান অবস্থা কী এবং তা শেষ হতে কত সময় লাগতে পারে।

অন্যদিকে, পিএসপি-তে অভিযোগ জানাতে গেলে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ গ্রহণের সময় তিনি বৈষম্যের অভিযোগের কারণ নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং নারীর পোশাককে ভুলভাবে ‘বোরকা’ বলে উল্লেখ করেন; পরে বিষয়টি সংশোধন করা হয়।

মিম আক্তার প্রায় ছয় বছর ধরে পর্তুগালে বসবাস করছেন বলে প্রতিবেদনে উল্লেখ আছে। তার অভিযোগ, ঘটনাটি তাকে অপমানিত ও মানসিকভাবে আঘাত করেছে।

প্রসঙ্গত, পর্তুগালের পার্লামেন্টে মুখ আড়ালকারী পোশাক নিয়ে একটি প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়া এগোলেও সেটি এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর আইন হিসেবে বলবৎ হয়নি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। ফলে জনপরিসরে হিজাব পরা নিষিদ্ধ—এমন দাবি এই ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক