সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ন্যূনতম বেতন ৩০ শতাংশ বাড়িয়েও বেকারত্ব নিয়ন্ত্রণে রেখেছে পর্তুগাল, মজুরি নীতিতে স্পেনকে ছাড়িয়ে গেল দেশটি

▪️«ইউরোপে ন্যূনতম মজুরি বাড়ালে কর্মসংস্থান কমে যায়» —এমন ধারণা থেকে বেরিয়ে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পর্তুগাল।

মিরন নাজমুল, স্পেন প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম
ন্যূনতম বেতন ৩০ শতাংশ বাড়িয়েও বেকারত্ব নিয়ন্ত্রণে রেখেছে পর্তুগাল, মজুরি নীতিতে স্পেনকে ছাড়িয়ে গেল দেশটি

স্পেনের শ্রমমন্ত্রী ইওলান্দা দিয়াস। ছবি- সংগৃহীত।

ইউরোপে ন্যূনতম মজুরি বাড়ালে কর্মসংস্থান কমে যায়—এমন ধারণা দীর্ঘদিন ধরেই প্রচলিত। তবে সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পর্তুগাল। দেশটি গত চার বছরে ন্যূনতম বেতন প্রায় ৩০ শতাংশ বাড়ালেও বেকারত্বের হার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। অর্থনীতিবিদদের মতে, পরিকল্পিত বাস্তবায়ন ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে দেশটি।

বর্তমানে পর্তুগালের বেকারত্বের হার প্রায় ৬ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রয়েছে, যা ইউরোপীয় মানদণ্ডে তুলনামূলকভাবে স্থিতিশীল এবং স্পেনের চেয়েও কম। এই সাফল্যের ফলে মজুরি নীতিতে স্পেনকে ছাড়িয়ে যাওয়ার উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে দেশটি।

তথ্য অনুযায়ী, ২০২১ সালে পর্তুগালের জাতীয় ন্যূনতম বেতন ছিল প্রায় ৬৬৫ ইউরো। ধাপে ধাপে তা বাড়িয়ে ২০২৫ সালে ৮৭০ ইউরোর বেশি করা হয় এবং ২০২৬ সালে তা পৌঁছেছে প্রায় ৯২০ ইউরোতে। অর্থাৎ মাত্র চার বছরের ব্যবধানে দেশটি ন্যূনতম বেতন প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিশ্লেষকদের মতে, এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে সরকারের সুপরিকল্পিত কৌশল। হঠাৎ করে বড় অঙ্কের বেতন বৃদ্ধি না করে সরকার, শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে সমঝোতার ভিত্তিতে কয়েক বছরের পরিকল্পনা তৈরি করা হয়। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে।

একই সঙ্গে পর্তুগাল সরকার ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর ছাড় ও সামাজিক অবদানে বিশেষ সুবিধা দেয়। ফলে শ্রম ব্যয় বাড়লেও ব্যবসায়ীদের ওপর চাপ সীমিত রাখা সম্ভব হয়।

অর্থনীতিবিদরা বলছেন, ন্যূনতম বেতন বাড়ার ফলে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, যা স্থানীয় বাজার ও ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে। মানুষের হাতে বেশি অর্থ আসায় তারা বেশি খরচ করছে, এতে অভ্যন্তরীণ অর্থনীতিও চাঙা হয়েছে।

যদিও পর্তুগালের ন্যূনতম বেতন এখনো স্পেনের তুলনায় কম, তবুও জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম হওয়ায় দেশটির শ্রমিকদের প্রকৃত জীবনমান উন্নত হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

তবে এই নীতির কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে মধ্যম আয়ের কর্মীদের সঙ্গে নিম্ন আয়ের কর্মীদের বেতনের ব্যবধান কমে আসছে, যা কিছু ক্ষেত্রে শ্রমবাজারে নতুন ভারসাম্যহীনতা তৈরি করছে। পাশাপাশি শহরাঞ্চলে বাড়ির মূল্যবৃদ্ধিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে, পর্তুগালের অভিজ্ঞতা দেখাচ্ছে যে সঠিক পরিকল্পনা, ধাপে ধাপে বাস্তবায়ন এবং ব্যবসায়িক সহায়তা থাকলে ন্যূনতম বেতন বাড়িয়েও কর্মসংস্থান ধরে রাখা সম্ভব। এই কারণে দেশটির মজুরি নীতি এখন ইউরোপের বিভিন্ন দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক