শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কমিটি গঠন

খাইরুল ইসলাম (টুটুল)কে সভাপতি এবং এস কে সেন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:২১ পিএম
মালয়েশিয়ায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কমিটি গঠন

মালয়েশিয়ায় প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে খাইরুল ইসলাম (টুটুল)কে সভাপতি এবং এস কে সেন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া ডা. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মাছুম মোল্লা, মো. শহিদ হোসেন খান, মো. জাকির হোসেন, আমিন সিকদার, রনি জাহান, রাতুল আহমেদ এবং মো. ইকবাল হোসেন।

সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব আলম শাহ, দাতু মো. সেলিম, এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, মাস্তাফিজ (মোস্তাক) এবং তালেব মোল্লা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন—অর্থ সম্পাদক নুর আলম সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক জুবায়ের আলম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. কামাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. উজ্জল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহিন, সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুমন হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক কাজীয়া কামাল মুন্নি।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এস কে সেন্টু তাঁর বক্তব্যে বলেন, মালয়েশিয়ায় বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, সংগঠনটি প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, নবনির্বাচিত সভাপতি খাইরুল ইসলাম (টুটুল) বলেন, প্রবাসে অবস্থান করলেও নিজের এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাস জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সংহতির কোনো বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, সংগঠনটি শুধু প্রবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; দেশের মানুষের জন্যও বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে দুর্যোগকালীন সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় সমিতি সক্রিয় থাকবে।

নবগঠিত এই কমিটি প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসে নিজেদের পরিচয় ও সংস্কৃতিকে আরও সুসংহত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মালয়েশিয়া প্রবাসী ও সকল প্রবাসীদের এবং দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক