ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা ক্রিকেটার এবং বর্তমানে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা অমিত মিশ্রের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন তার স্ত্রী গরিমা মিশ্র। এ বিষয়ে ভারতের কানপুরের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে অমিত ও গরিমার পরিচয় হয়। পরে প্রায় তিন বছর সম্পর্ক থাকার পর ২০২১ সালের ২৬ এপ্রিল তারা বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই অমিত ও তার পরিবারের সদস্যরা একটি হোন্ডা সিটি গাড়ি এবং নগদ ১০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করতে থাকেন। গরিমার পরিবার আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
৩৫ বছর বয়সী মডেল গরিমা মিশ্র জানান, অমিত প্রায়ই মদ্যপ অবস্থায় তাকে মারধর ও গালিগালাজ করতেন। অনেক সময় তাকে দিনের পর দিন খাবার না দিয়ে ঘরে আটকে রাখা হতো বলেও অভিযোগ করেছেন তিনি। এছাড়া তার মডেলিং পেশা থেকে উপার্জিত অর্থও অমিত নিয়ে নিতেন বলে দাবি করেন গরিমা।
মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে তিনি একসময় ফিনাইল পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং দীর্ঘ সময় বিষণ্নতায় ভুগেছেন বলেও উল্লেখ করেন।
গরিমা আরও জানান, এর আগেও ২০১৫ সালে তিনি অমিতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তবে পুলিশে অভিযোগ দেওয়ার পরও তার প্রভাবের কারণে কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে দাবি করেন তিনি। এ কারণে এবার তিনি সরাসরি আদালতের শরণাপন্ন হয়েছেন।
মামলায় অমিত মিশ্র ছাড়াও তার বাবা-মা, ভাই ও বোনকে আসামি করা হয়েছে। বিষয়টি এখন আদালতের বিবেচনায় রয়েছে।









